লন্ডনে মারামারি : নাহিদের ক্ষোভ বিএনপির ওপরও
ছবিঃ সংগৃহীত।
লন্ডনে নাহিদ ইসলামের অনুষ্ঠান শেষে মারামারির জন্য গণঅভ্যুত্থানে ক্ষমতচ্যুত আওয়ামী লীগকে দায়ী করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এই দলটি বিএনপির প্রশ্রয় পাচ্ছে বলেও অভিযোগ করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম।
যুক্তরাজ্য সফররত এনসিপির আহ্বায়ক ও সংসদে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদকে সোমবার নাগরিক সংবর্ধনা দেওয়া হয় লন্ডনের রমফোর্ডে। সেখানে অনুষ্ঠান শেষে মারামারি বাধে। এনসিপির অভিযোগ, লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালিয়েছিল দেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের সমর্থকরা।
হামলার প্রতিবাদ জানিয়ে এনসিপির এক বিবৃতিতে বলা হয়, নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে শেষ হয়। নাহিদ ইসলাম চলে যাওয়ার পর আওয়ামী লীগের ‘সন্ত্রাসীরা’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এতে প্রায় ১০ জন আহত হন।
নাহিদ এক ফেসবুক বলেন, ‘অনুষ্ঠান শেষে ফ্যাসিস্ট আওয়ামী লীগের পলাতক ও উগ্র কর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সাধারণ প্রবাসী বাংলাদেশি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আমরা এই কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
এই ঘটনা আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা করছেন জুলাই অভ্যুত্থানের এই নেতা। হামলায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ এক ফেসবুক পোস্টে বলেন, ‘খানিকটা উৎপাত করা ছাড়া অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে পারেনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হয়ে যাওয়ার শেষ মুহূর্তে কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালায় ওই সন্ত্রাসীরা।’
মারামারির আগে সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নাহিদ আওয়ামী লীগের পাশাপাশি বর্তমানে ক্ষমতাসীন বিএনপিরও সমালোচনা করেন।
তিনি বলেন,‘যে নৈরাজ্য ও নাশকতা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে ঘটাচ্ছে, তার কিছু চিহ্ন আমরা যুক্তরাজ্যেও দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী আসলে কে? বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র-জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।’
এনসিপির নারী সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ড নিয়ে তিনি বলেন,‘বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সেটিকে শর্টসার্কিটের দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করলেন। অথচ সেখানে আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলার দায় স্বীকার পর্যন্ত করেছে।’
বিএনপির বিরুদ্ধে আওয়ামী লীগকে পুনর্বাসনের অভিযোগ তুলে এনসিপির আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির নামে আওয়ামী লীগকে স্পেস দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির একটি অংশ আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করেছে।’
বিএনপিকে হুঁশিয়ার করে নাহিদ বলেন, ‘স্বরাষ্ট্রমন্ত্রী ফ্যাসিস্ট শক্তিকে দায়মুক্তি দেওয়ার চেষ্টা করেছেন। আমি তখন বলেছিলাম, বিরোধী দলের বাসা আগুনে জ্বলছে, আপনি দায়মুক্তি দিচ্ছেন; আগামীকাল দেখবেন আপনার বাসায় আগুন জ্বলবে। আমি যুক্তরাজ্যে আসার পর দেখলাম, দেশে আওয়ামী লীগ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।’