ইয়েমেনে জোট বাহিনীর কমান্ডার পরিবর্তন করল সৌদি আরব

ইয়েমেনে জোট বাহিনীর কমান্ডার পরিবর্তন করল সৌদি আরব

সংগৃহীত

ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের অগ্রযাত্রা ও সৌদি আরব-সমর্থিত সরকারি বাহিনীরি পিছু হটার প্রেক্ষাপটে জোট বাহিনীর সামরিক কমান্ডারে বড় ধরনের রদবদল এনেছে সৌদি আরব। হুতিদের বিরুদ্ধে লড়াইরত জোট বাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে সরিয়ে নতুন কমান্ডার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে চিফ অব দ্য জেনারেল স্টাফ জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলিকে।

সোমবার (১৬ নভেম্বর) সৌদি বাদশাহ সালমানের এক রাজকীয় ডিক্রির মাধ্যমে এই পরিবর্তন আনা হয়। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

নেতৃত্ব পরিবর্তনের কারণ

গত জুলাইয়ে ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন করে শুরু হওয়ার পর থেকে হুথিরা দ্রুত এলাকা দখল করে চলেছে। সাম্প্রতিক সময়ে লোহিত সাগর উপকূলের গুরুত্বপূর্ণ এলাকা এবং মোখাসহ বিভিন্ন বন্দরনগরীর নিয়ন্ত্রণ হারায় সরকারি বাহিনী। এর ফলে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির কাছাকাছি এলাকা থেকেও সেনা সরিয়ে নিতে বাধ্য হয় জোট বাহিনী।

হুথিদের অগ্রযাত্রা এবং সরকারি বাহিনীর একের পর এক এলাকা হারানোর ফলে সামরিক অবস্থান দুর্বল হয়ে পড়ায় নেতৃত্বে এই পরিবর্তন আনা হলো। পশ্চিমা দুই কূটনীতিক এই রদবদলকে সরাসরি যুদ্ধক্ষেত্রের বর্তমান পরিস্থিতির সঙ্গেই যুক্ত করেছেন।

প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা হলেন আল-সালমান

দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার এক দিন পরই সাবেক কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ফাহাদ বিন হামাদ আল-সালমানকে সৌদি প্রতিরক্ষামন্ত্রীর সামরিকবিষয়ক উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়া হয়। অন্যদিকে, জয়েন্ট ফোর্সেসের কমান্ডারের অতিরিক্ত দায়িত্ব পেয়েছেন জেনারেল ফাইয়াদ আল-রুওয়াইলি।

এডেনের সুরক্ষায় কৌশলগত পিছু হটা

ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার জানিয়েছে, হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধের কারণে বাধাগ্রস্ত হওয়ায় সৌদি আরবের তেল রপ্তানির একটি অন্যতম বিকল্প পথ হয়ে উঠেছে বাব আল-মান্দেব। তবে অন্তর্বর্তীকালীন রাজধানী এডেনের নিরাপত্তা জোরদার করতেই কৌশলগত কারণে ওই প্রণালি সংলগ্ন এলাকা থেকে সেনা সরিয়ে নেওয়া হয়েছে।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র মাজেদ আল-নুজাইলি একে ‘বৃহত্তর সামরিক কৌশলের অংশ’ হিসেবে উল্লেখ করে বলেন, এই সেনা পুনর্বিন্যাস অস্থায়ী রাজধানী এডেনের সুরক্ষায় গণপ্রতিরোধ বাহিনী ও দক্ষিণাঞ্চলীয় বাহিনীর অবস্থানেরই ধারাবাহিকতা।

হুমকির মুখে এডেন

স্থানীয় বাসিন্দারা জানান, হুথিরা ইতিমধ্যেই এডেনের প্রায় ১০০ কিলোমিটার পশ্চিমে উপকূলীয় খোর ওমাইরাহ এলাকায় পৌঁছে গেছে এবং কাওয়াহ এলাকায় সরকারি বাহিনীর অবস্থানের খুব কাছাকাছি চলে এসেছে। এডেনে নিরাপত্তা জোরদার করা হলেও সাধারণ মানুষের মধ্যে যুদ্ধের ভয়াবহতা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সরকারি বাহিনীর বর্তমান অভিযানের অন্যতম মূল লক্ষ্য রাজধানী সানা পুনরুদ্ধার করা হলেও, বর্তমান বিপর্যয়কর পরিস্থিতিতে এখন তাদের প্রধান লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে অন্তর্বর্তী রাজধানী এডেন রক্ষা করা।

তথ্যসূত্র: আল-জাজিরা, রয়টার্স