১০ পুলিশ সদস্য নিহতের পর যে কারণে স্বর্ণখনন বন্ধ রেখেছে পাকিস্তান!
ফাইল ছবি।
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে স্বর্ণ উত্তোলন বন্ধ করে দেওয়া হয়েছে।কোহাটে ১০ পুলিশ সদস্য নিহতের পর অভিযোগ উঠেছে, অবৈধভাবে স্বর্ণ উত্তোলন করে আয় করা রুপি জঙ্গি গোষ্ঠীগুলোর অর্থায়নে ব্যবহার করা হচ্ছে। প্রদেশটির গভর্নর ফয়সাল করিম কুন্দির দাবি, এই খাত থেকে প্রতি মাসে শত শত কোটি রুপি আয় হচ্ছে, যার বড় অংশ সন্ত্রাসীদের অর্থায়নে ব্যবহৃত হচ্ছে।
গভর্নর জানান, প্রদেশের কোহাট জেলায় প্রতি মাসে প্রায় ৯০ কেজি স্বর্ণ উত্তোলন করা হয়।
এর বাজারমূল্য প্রায় ৪২০ কোটি রুপি। এই অর্থের প্রায় ৮০ শতাংশ আফগানিস্তানে চলে যাচ্ছে বলে দাবি করেন তিনি। তবে এসব অভিযোগ এখনো স্বাধীনভাবে যাচাই করা হয়নি।
সম্প্রতি অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে গিয়ে সংঘর্ষে ১০ পুলিশ সদস্য ও ১৮ সন্ত্রাসী নিহত হন।
এর কয়েক দিন পরই এসব অভিযোগ সামনে এল। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী, শনিবার গভর্নর কুন্দি পুরো খাইবার পাখতুনখোয়া প্রদেশে সব ধরনের খনি কার্যক্রম বন্ধ এবং স্বর্ণ উত্তোলনের ইজারা বাতিলের ঘোষণা দিয়েছেন। ইজারাগ্রহীতা ও ঠিকাদারদের সাত দিনের মধ্যে খনির এলাকা থেকে সব ভারী যন্ত্রপাতি সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বর্ণ উত্তোলনের অর্থ কীভাবে সন্ত্রাসীদের হাতে যাচ্ছে?
গভর্নর ফয়সাল করিম কুন্দির অভিযোগ, অবৈধভাবে স্বর্ণ উত্তোলনের সঙ্গে জড়িত ব্যক্তিরা খনির কাজ চালিয়ে যাওয়ার বিনিময়ে সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিয়মিত অর্থ দিতেন।
এই অর্থ পরে সন্ত্রাসী কর্মকাণ্ডসহ পাকিস্তানের বিরুদ্ধে বিভিন্ন তৎপরতায় ব্যবহার করা হয়েছে বলে দাবি করেন তিনি।
কুন্দি জানান, অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে হাজার হাজার ট্রাক্টর, ভারী ডাম্পার ও শ্রমিক নিয়োজিত ছিলেন। তিনি আরো প্রশ্ন তোলেন, প্রতি মাসে প্রায় ৪৯২ কোটি রুপি মূল্যের স্বর্ণ উত্তোলন করা হলে মাত্র ৪৯২ কোটি রুপির বিনিময়ে কীভাবে ১০ বছরের জন্য খনির ইজারা দেওয়া হলো। এ নিয়ে খনি ইজারা দেওয়ার প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি। গভর্নরের এসব অভিযোগের পর খনিজ সম্পদের নিয়ন্ত্রণ এবং স্বর্ণ উত্তোলন থেকে পাওয়া অর্থ সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে যাচ্ছে কি না, তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
কী ঘটেছিল কোহাটে?
কোহাটের কাছে দারাবো কাচ এলাকায় অবৈধ স্বর্ণ উত্তোলনের বিরুদ্ধে পুলিশ ও স্থানীয় প্রশাসন অভিযান চালায়। অভিযান শেষে ফেরার পথে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা বলে জানিয়েছেন কর্মকর্তারা। এ ঘটনায় ১০ পুলিশ সদস্য নিহত হন। পরে সংঘর্ষে ১৮ জঙ্গিও নিহত হয়েছে বলে জানায় কর্তৃপক্ষ। গভর্নর কুন্দির অভিযোগ, হামলাকারীদের সঙ্গে অবৈধ স্বর্ণ উত্তোলনের কাজে জড়িত ব্যক্তিদের যোগসাজশ রয়েছে।
এ ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
এসব ঘটনায় রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার অভিযোগ
গভর্নর আরও অভিযোগ করেছেন, কোহাটের ঘটনায় জড়িতদের সহায়তা করেছেন ১২ জন রাজনৈতিক ব্যক্তি। তাঁদের মধ্যে সাবেক প্রাদেশিক মন্ত্রী আফতাব আলম, শাহরিয়ার আফ্রিদি ও খুররম জিশানের নাম উল্লেখ করেছেন তিনি।
তবে তাদের কারো বিরুদ্ধে এখনো পুলিশ মামলা করেনি বলে জানিয়েছেন কুন্দি। রাজনৈতিক ব্যক্তিদের সম্পৃক্ততার এসব অভিযোগও এখন পর্যন্ত স্বাধীনভাবে প্রমাণিত হয়নি।
এ ব্যাপারে কী পদক্ষেপ নেওয়া হবে?
অবৈধ স্বর্ণ উত্তোলন ও কোহাটের সংঘর্ষের ঘটনা তদন্তে একটি বিচার বিভাগীয় কমিশন গঠনের ঘোষণা দিয়েছেন গভর্নর।
এ ছাড়া নিহত পুলিশ কর্মকর্তা ডিএসপি হায়দার জামানের নামে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের অনুমোদন দিয়েছেন তিনি। কুন্দি জানিয়েছেন, অবৈধ খননকার্যে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে প্রদেশের খনিজ সম্পদ রক্ষায় পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ। এখন তদন্তে মূলত দুটি বিষয় গুরুত্ব পাবে- স্বর্ণ উত্তোলনের অর্থ সত্যিই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর কাছে গেছে কি না এবং কারা জড়িত এইসব ঘটনার আড়ালে।