শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার

শ্রীনগরে শীর্ষ সন্ত্রাসী বিকাশ গ্রেপ্তার

ছবিঃ সংগৃহীত।

মুন্সীগঞ্জের শ্রীনগরে অভিযান চালিয়ে শীর্ষ সন্ত্রাসী খালেদ হাসান বিকাশ মডেলকে (৩২) গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, একটি দেশীয় তৈরি পাইপগান, একটি এয়ারগান, গুলি ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার বাঘড়া ইউনিয়নের মধ্য বাঘড়া এলাকায় এ অভিযান চালানো হয়।

গ্রেপ্তার বিকাশ ওই এলাকার কাশেম মডেল ও খালেদা বেগমের ছেলে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে মুন্সীগঞ্জের শ্রীনগর থানা ও ঢাকার দোহার থানায় ১৪টি মামলা রয়েছে। এলাকায় তাঁর নেতৃত্বাধীন বিকাশ বাহিনীর অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মো. বদরুদ্দোজা।

পুলিশ সুপার মো. বদরুদ্দোজা মহোদয়ের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিসুর রহমানের তত্ত্বাবধানে শ্রীনগর সার্কেলের সহকারী পুলিশ সুপার, শ্রীনগর থানার পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. আতাউর রহমান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানটি পরিচালনা করে।

পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে বাঘড়া এলাকায় বিকাশের বসতবাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়িতে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড পিস্তলের গুলি, একটি দেশীয় তৈরি পাইপগান, একটি এয়ারগান, চার রাউন্ড শটগানের কার্তুজ, দুটি স্টিলের পাইপ এবং একটি কালো রঙের কাপড়ের ব্যাগ উদ্ধার করা হয়।

উদ্ধার করা বিদেশি পিস্তলটির গায়ে USA লেখা রয়েছে। এ ছাড়া এয়ারগানটির গায়ে BB এবং কাপড়ের ব্যাগে Active Hunter লেখা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার বিকাশের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।