শ্যামনগরে বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

শ্যামনগরে বাল্যবিয়ের বিরুদ্ধে শিক্ষার্থীদের লাল কার্ড প্রদর্শন

ফাইল ছবি

‘বাল্যবিয়ে দিব না, বাল্যবিয়ে করব না’ প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ভেটখালী এ. করিম মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় অ্যাকশনএইডের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে র‍্যালি, আলোচনা সভা, বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতা এবং সচেতনতামূলক নাটকের আয়োজন করা হয়। এ সময় শিক্ষার্থীরা বাল্যবিয়ের বিরুদ্ধে লাল কার্ড প্রদর্শন করে নিজেদের অবস্থান তুলে ধরে।

কর্মসূচিতে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করে। এর মধ্যে ছিল ‘বাল্যবিবাহ প্রতিরোধ করি, সমৃদ্ধ বাংলাদেশ গড়ি’, ‘বাল্যবিয়ে বন্ধ করি, শিশুর ভবিষ্যৎ গড়ি’, ‘শিশুর হাতে বই চাই, বিয়ের শাড়ি নয়’ এবং ‘শিশুর শৈশব কেড়ে নেবেন না, বাল্যবিয়ে হতে দেবেন না’।

অ্যাকশনএইড বাংলাদেশের এলআরপি কো-অর্ডিনেটর মো. আব্দুল কাইয়ূমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা ওসিসি কর্মকর্তা প্রণব বিশ্বাস। এ ছাড়া উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী নজরুল ইসলাম, সহকারী শিক্ষক আশিক রহমান ও আলামিন হোসেন, চাইল্ড স্পন্সরশিপ অ্যান্ড নলেজ ম্যানেজমেন্ট অফিসার সমিরন বিশ্বাস এবং প্রোগ্রাম অফিসার ফারুকুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাকশনএইডের হরিদাস মণ্ডল। মানচিত্রদেখুন

বক্তারা বলেন, বাল্যবিয়ে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, শিক্ষা ও ভবিষ্যৎ গঠনের পথে বড় বাধা। এটি প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরের মানুষের সচেতনতা প্রয়োজন। শিক্ষার্থীদের নিজেদের বাল্যবিয়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার পাশাপাশি পরিবার ও আশপাশের মানুষকেও সচেতন করার আহ্বান জানান তাঁরা।

বক্তৃতা প্রতিযোগিতায় ষষ্ঠ শ্রেণির ফাতিমা পারভীন, লামিয়া আফরোজা তিথি, কৃষ্ণা রানী, শ্রিজন মণ্ডল ও খাদিজা পারভীন; সপ্তম শ্রেণির হিমাদ্রী মণ্ডল, ফারিয়া আক্তার ও নাহিদ খলিল রনি এবং দশম শ্রেণির সূচনা মণ্ডল অংশ নেয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে নাহিদ খলিল রনি, দ্বিতীয় হয় কৃষ্ণা রানী এবং তৃতীয় হয় ফাতিমা পারভীন।

অন্যদিকে, কুইজ প্রতিযোগিতায় প্রথম হয় জামিল তাজলিম, দ্বিতীয় সুদীপ এবং তৃতীয় স্থান অর্জন করে তাহমিদ।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীরা বাল্যবিয়ের ক্ষতিকর দিক তুলে ধরে। তারা জানায়, বাল্যবিয়ে শিশুদের শৈশব, শিক্ষা ও স্বপ্নের পথে বাধা সৃষ্টি করে। প্রতিটি শিশুর নিরাপদ শৈশব, শিক্ষার অধিকার ও স্বপ্ন পূরণের সুযোগ নিশ্চিত করতে পরিবার, শিক্ষক ও সমাজের সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।