ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

ফরিদপুরে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতাকর্মীদের হামলায় কৃষক দল নেতা নিহত

সংগৃহীত ছবি

ফরিদপুরের ভাঙ্গায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলায় কৃষক দলের নেতা রাজু মোল্লা (৩০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী বাসস্টান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রাজু উপজেলার নুরুল্লাহগঞ্জ ইউনিয়নের বাকপুরা গ্রামের আখতার মোল্লার ছেলে। তিনি উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক ছিলেন। খবর পেয়ে ভাঙ্গা থানা পুলিশ ও বিএনপি নেতারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

 এর আগে মহাসড়কে তিনটি মোটরসাইকেলে আগুন দেওয়ার পর থেকে উভয়পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রায় ১০ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া হামিরদী ইউনিয়ন বিএনপির অস্থায়ী কার্যালয়ও ভাঙচুর চালায় তারা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তানজিরুল ইসলাম বলেন, রাজু মোল্লা নামে এক লোককে হাসপাতালে আনা হয়েছে। পরীক্ষার-নিরীক্ষা করে দেখতে পাই যে তিনি মারা গেছেন। 

রাজু মোল্লার চাচা লিয়াকত মোল্লা বলেন, আমার ভাতিজা রাজু মোল্লাকে আওয়ামী লীগের লোকজন হামলা করে মেরে ফেলেছে। আমি এর বিচার চাই। 

ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক কামরুল বলেন, আমাদের উপজেলা কৃষক দলের সহ-সাংগঠনিক সম্পাদক রাজু মোল্লাকে আওয়ামী সন্ত্রাসীরা হামলা চালিয়ে মেরে ফেলেছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা যারা হামলা করেছে, তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।