ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৬৫, মামলা ৬৪
ফাইল ছবি
রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময়ে ৬৪টি মামলা করা হয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন।
তিনি জানান, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।
অভিযানকালে ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন এবং নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধারসহ তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।