প্রথমবারের মতো এক মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি জিংপিং

প্রথমবারের মতো এক মঞ্চে ট্রাম্প, পুতিন ও শি জিংপিং

ফাইল ছবি

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে বিশ্ব রাজনীতির তিন প্রভাবশালী নেতা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংকে একসঙ্গে একটি লাল গালিচায় দেখা যাচ্ছে। এই প্রথম শি, ট্রাম্প ও পুতিনকে একসঙ্গে দেখা গেল।

রাশিয়ার ক্রেমলিন পুল টিম টেলিগ্রামে একটি ভিডিও পোস্ট করেছে, পারিবারিক ছবি তোলার আগে রুশ নেতা ভ্লাদিমির পুতিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে যান এবং প্রেসিডেন্ট শি-এর সামনেই তারা করমর্দন ও শুভেচ্ছা বিনিময় করেন।

ভিডিওটিতে দেখা যায়, পুতিন এগিয়ে আসার সময় ট্রাম্প, শি এবং তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে ছিলেন।

২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-মার্কিন শীর্ষ সম্মেলনের পর থেকে ট্রাম্প ও পুতিনের আর সাক্ষাৎ হয়নি। তবে তারা একে অপরকে উষ্ণভাবে অভিবাদন জানিয়েছেন বলে মনে হচ্ছে; প্রথমে তারা করমর্দন করেছেন এবং কাঁধে হাত রেখেছেন।

এদিকে আগামীকাল বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে তিন নেতার বৈঠক হওয়ার কথা রয়েছে। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে এই বৈঠক আয়োজন করা হচ্ছে।

বৈঠকের অন্যতম প্রধান আলোচ্য বিষয় হতে পারে পারমাণবিক অস্ত্রের বিস্তার রোধ ও অস্ত্রের মজুত কমানো। ট্রাম্পের আগ্রহের বিষয় হিসেবে পারমাণবিক নিরস্ত্রীকরণের প্রসঙ্গটি বিশেষ গুরুত্ব পাচ্ছে। এ ছাড়া ইরানের সঙ্গে চলমান সংঘাত, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাণিজ্য নিয়েও আলোচনা হতে পারে।

তবে ইউক্রেন যুদ্ধ নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হওয়ার সম্ভাবনা কম। মার্কিন কর্মকর্তাদের বরাত দিয়ে সিবিএস জানিয়েছে, ইউক্রেন ইস্যুতে ওয়াশিংটন ও মস্কোর আলাদা আলোচনা প্রক্রিয়া রয়েছে। সে কারণে ত্রিপক্ষীয় বৈঠকে বিষয়টি এড়িয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে যুক্তরাষ্ট্রের।

রাশিয়ার কিছু স্থানীয় সংবাদপত্র ইতিমধ্যেই এই সফরকে পুতিনের জন্য একটি 'কূটনৈতিক বিজয়' বলে আখ্যা দিচ্ছে—শুধুমাত্র সফরটি হচ্ছে বলেই।

এদিকে বৈঠকটি নিয়ে ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের প্রসঙ্গও সামনে এসেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ পর্যায়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্টালিন ইয়াল্টায় বৈঠক করেছিলেন। সেই সম্মেলনে যুদ্ধ-পরবর্তী বিশ্বব্যবস্থা নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তবে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ ইয়াল্টা সম্মেলনের সঙ্গে শেনজেন বৈঠকের তুলনা করার বিষয়ে সতর্ক করেছেন। তার মতে, তিন দেশের নেতাদের বৈঠক গুরুত্বপূর্ণ হলেও অন্য দেশগুলোর ওপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার সুযোগ নেই।

সূত্র: বিবিসি, আলজাজিরা