বিশ্বনাথে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগে দুই ভাই গ্রেফতার
প্রতিকি ছবি
সিলেটের বিশ্বনাথে চাঁদাবাজি, হামলা ও লুটপাটের অভিযোগে দুই সহোদরকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন বিশ্বনাথ পৌরসভার জানাইয়া (মাঝপাড়া) গ্রামের মৃত এলাই মিয়ার ছেলে জাকির হোসেন (৩২) ও জহির মিয়া (২৪)।
গত মঙ্গলবার রাতে জহিরকে এবং বুধবার সন্ধ্যায় জাকিরকে বিশ্বনাথ পৌর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জহিরকে গতকালই সিলেটের আদালতে পাঠানো হয়েছে। জাকিরকে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ। বিশ্বনাথ পৌরশহরের নতুন বাজারের ব্যবসায়ী তারা মিয়ার অভিযোগের ভিত্তিতে তাঁদের গ্রেফতার করা হয়।
অভিযোগে বলা হয়, দুই ভাই দীর্ঘদিন ধরে ব্যবসায়ী তারা মিয়ার প্রতিষ্ঠান ‘তারা মিয়া পান ভান্ডারে’ চাঁদা দাবি করে আসছিলেন। তাঁরা বাকিতে পান-সিগারেট নিয়েও টাকা দিতেন না। একপর্যায়ে গত মঙ্গলবার সন্ধ্যায় তারা দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করেন। এ সময় দোকানের মালামাল, মুঠোফোন ও নগদ টাকা নিয়ে যান। এ ঘটনায় ওই রাতেই বিশ্বনাথ থানায় লিখিত অভিযোগ করেন ব্যবসায়ী তারা মিয়া।
বিশ্বনাথ থানার উপপরিদর্শক (এসআই) শামসুল হক সুমন বলেন, অভিযোগ পাওয়ার পর রাতেই একজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। পরে গতকাল সন্ধ্যায় অপর অভিযুক্তকেও গ্রেফতার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে আজ বৃহস্পতিবার তাকেও আদালতে পাঠানো হবে।