যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবে না

যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবে না

ছবি: সংগৃহীত

রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দেশব্যাপী নৈরাজ্য ও নাশকতার প্রতিবাদে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয়তাবাদী যুবদল।

সমাবেশে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না বলেন, বিএনপির সহনশীলতাকে আওয়ামী লীগ দুর্বলতা হিসেবে দেখছে। যুবদল মাঠে নামলে আওয়ামী লীগের নেতাকর্মীরা বাড়িঘরে থাকতে পারবেন না।  

বুধবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত বিক্ষোভ-পূর্ব সমাবেশে এসব কথা বলেন তিনি। বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল।

সমাবেশে আওয়ামী লীগের উদ্দেশে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে যুবদলের সভাপতি বলেন, রাতের আঁধারে চোরের মতো একজন সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে। যুবদল যদি পাল্টা অগ্নিসংযোগ শুরু করে, তাহলে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী নিরাপদে থাকতে পারবেন না।

তিনি বলেন, বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না; বরং গণতান্ত্রিক উপায়ে সহনশীলতার সঙ্গে রাজনীতি করছে। তবে আওয়ামী লীগ একটি হাত তুললে যুবদল দশটি হাত তুলবে।

বক্তব্যে বিগত সরকারের আমলে গুম হওয়া বিএনপি নেতা ইলিয়াস আলী ও চৌধুরী আলমের সন্ধান দাবি করেন যুবদল সভাপতি। একই সঙ্গে খিলগাঁও থানা ছাত্রদল নেতা জনি হত্যার বিচার দাবি করেন তিনি। 

আবদুল মোনায়েম মুন্না বলেন, ১৯৭১ সালে শেখ মুজিবুর রহমান জনগণকে বিপদের মুখে রেখে আত্মসমর্পণ করেছিলেন। অন্যদিকে মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে যুদ্ধ করেছিলেন। একইভাবে শেখ হাসিনাও দেশ ছেড়ে পালিয়েছেন। কিন্তু বেগম খালেদা জিয়া ও বর্তমান প্রধানমন্ত্রী দেশে থেকেই জনগণের পাশে আছেন।  

সমাবেশে যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন বলেন, জনগণের কাছ থেকে শিক্ষা নিয়েও আওয়ামী লীগের মধ্যে কোনো অনুশোচনা তৈরি হয়নি। বরং তারা চরম সন্ত্রাসের মাধ্যমে দেশের শান্তিপ্রিয় মানুষের ঘুম নষ্ট করছে।

তিনি বলেন, গণভবনের দুর্ভেদ্য প্রাচীর, কাঁটাতার কিংবা এসএসএফের স্বয়ংক্রিয় রাইফেল— কোনো কিছুই শেখ হাসিনাকে রক্ষা করতে পারেনি। সর্বশেষ আন্দোলনে এক হাজার ৪০০ সাধারণ মানুষকে গুলি করে হত্যার কথা উল্লেখ করে তিনি বলেন, প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বর্তমান সরকার যে কোনো মূল্যে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে আইনের মুখোমুখি দাঁড় করাবে। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম বলেন, রাজপথে চোরাগুপ্তা হামলা ও যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করতে যুবদল কেন্দ্রীয় কমিটির নির্দেশে সর্বদা প্রস্তুত রয়েছে। শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে গুম ও খুনের শিকার নেতাকর্মীদের পরিবার তার কাছে স্বজনদের হিসাব চাইবে এবং শহীদদের হত্যার বদলা নেওয়া হবে। 

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়নের সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েলসহ ঢাকা মহানগর দক্ষিণের বিভিন্ন পর্যায়ের নেতারা। 

সমাবেশ শেষে নয়াপল্টন থেকে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি নাইটিঙ্গেল মোড়, পুরানা পল্টন ও গুলিস্তান হয়ে মতিঝিলের বক চত্বরে গিয়ে শেষ হয়।