টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা

টুঙ্গিপাড়া সীমান্তে ছাত্রদলের শোডাউন, গোপালগঞ্জ যাওয়ার ঘোষণা

সংগৃহীত ছবি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর নাশকতা এবং গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে নৈরাজ্যের প্রতিবাদে পিরোজপুর থেকে টুঙ্গিপাড়া সীমান্তবর্তী নাজিরপুরের মালিখালী ইউনিয়ন পর্যন্ত মোটরসাইকেল শোডাউন করেছে পিরোজপুর জেলা ছাত্রদল। মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি পালিত হয়।

প্রথমে পিরোজপুর শহর থেকে শোডাউন নিয়ে নেতাকর্মীরা নাজিরপুর উপজেলা বিএনপির কার্যালয়ে মতবিনিময় সভায় অংশ নেন। সভায় জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার হুঁশিয়ারি দিয়ে বলেন, নির্যাতিত নেতাকর্মীদের ওপর হামলা বা বাড়িঘরে আগুন দেওয়া হলে কোনো ফ্যাসিস্টের বাড়িঘরও অক্ষত থাকবে না। নির্দেশনা পেলে হাজার হাজার নেতাকর্মী নিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়ায় যাওয়ার ঘোষণা দেন তিনি।

জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহিন বলেন, জ্বালাও-পোড়াও করে তারেক রহমানের সরকার পতনের স্বপ্ন দেখা ভুল। ধৈর্যের সীমা ছাড়ালে আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরে পুলিশের হাতে তুলে দেওয়া হবে। এক্ষেত্রে পুলিশ সহযোগিতা না করলে তাদেরও ছাড় দেওয়া হবে না।

সভা শেষে নেতাকর্মীরা অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ছয়টি দোকান পরিদর্শন করেন। পরে মালিখালী ইউনিয়নে গিয়ে আওয়ামী লীগবিরোধী স্লোগান দেন তারা। স্থানীয়দের অভিযোগ, গত দুই দিনে ওই এলাকায় বিএনপির দুটি কার্যালয় ও এক নেতার বাড়িতে হামলা চালিয়েছে ছাত্রলীগ।