ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ : জহির উদ্দিন স্বপন

ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক, জিয়ার পথেই রাষ্ট্রক্ষমতায় ধানের শীষ : জহির উদ্দিন স্বপন

সংগৃহীত ছবি

মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর রাজনৈতিক আদর্শ ও সংগ্রামী চেতনা আজও প্রাসঙ্গিক বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) জহির উদ্দিন স্বপন এমপি।

তিনি বলেছেন, ‘ভাসানীর রাজনীতি আজও প্রাসঙ্গিক।

তাই শহীদ জিয়াউর রহমানের দেখানো পথে ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায়।’

বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যা ৬টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ৭৪ স্ট্রিটে সানাই পার্টি হলে মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভাসানী ফাউন্ডেশন এ সভার আয়োজন করে।

বক্তব্যে জহির উদ্দিন স্বপন বলেন, মওলানা ভাসানী সারা জীবন নিপীড়িত ও মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন।

সাধারণ মানুষের অধিকার আদায় ও শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠার প্রশ্নে তাঁর রাজনৈতিক দর্শন ছিল গণমুখী। সমসাময়িক রাজনৈতিক প্রেক্ষাপটেও ভাসানীর আদর্শ ও সংগ্রামী চেতনার গুরুত্ব রয়েছে।

তিনি বলেন, মওলানা ভাসানীর গণমুখী রাজনৈতিক দর্শনের সঙ্গে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দেখানো রাজনৈতিক ধারার গভীর সংযোগ রয়েছে। সেই রাজনৈতিক ধারার পথ ধরেই ধানের শীষ আজ রাষ্ট্রক্ষমতায় পৌঁছেছে।

ভাসানী ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় নিউইয়র্ক প্রবাসী গৌরনদী ও আগৈলঝাড়ার বাসিন্দাদের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতারা অংশ নেন। সভায় মওলানা ভাসানীর রাজনৈতিক জীবন, গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা এবং সমকালীন রাজনীতিতে তাঁর আদর্শের প্রাসঙ্গিকতা নিয়ে আলোচনা হয়।