‘কথা বলার শিষ্টাচার জানেন না’, নওয়াজ়উদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া

‘কথা বলার শিষ্টাচার জানেন না’, নওয়াজ়উদ্দীনকে কটাক্ষ করলেন দীয়া

ছবিঃ সংগৃহীত।

বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন অভিনেত্রী দিয়া মির্জা। তাঁর সঙ্গে কাজ করাকে ‘দুঃস্বপ্নের মতো’ আখ্যা দিয়ে অভিনেতার আচরণ নিয়েও প্রশ্ন তুলেছেন দিয়া। তবে হঠাৎ এমন মন্তব্যের কারণ ব্যাখ্যা করেননি তিনি। বিষয়টি নিয়ে ভক্তদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

বুধবার সকালে নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে নওয়াজউদ্দিনকে সরাসরি উল্লেখ করে দিয়া লেখেন, ‘একসঙ্গে কাজ করা দুঃস্বপ্নের মতো! কথা বলার ন্যূনতম শিষ্টাচার নেই, তার ওপর মনোভাবও অন্য পর্যায়ের! একেবারেই আপত্তিকর চরিত্র।’ পোস্টে নওয়াজউদ্দিনকে ট্যাগও করেন অভিনেত্রী।

দিয়ার এমন মন্তব্য প্রকাশ্যে আসার পর থেকেই প্রশ্ন উঠছে, দুই তারকার মধ্যে সত্যিই কোনো বিরোধ তৈরি হয়েছে কি না। তবে বিষয়টি নিয়ে এখন পর্যন্ত বিস্তারিত কিছু জানাননি দিয়া। নওয়াজউদ্দিনের পক্ষ থেকেও কোনো ব্যাখ্যা আসেনি।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের একাংশের ধারণা, এটি আসলে নতুন কোনো কাজের প্রচারকৌশল হতে পারে। কারণ, দিয়া ও নওয়াজউদ্দিন একসঙ্গে ‘ডক্টর হাসান’ নামের একটি ওয়েব সিরিজে অভিনয় করছেন। রোহন সিপ্পি পরিচালিত সিরিজটি আগামী ১১ ডিসেম্বর মুক্তি পাওয়ার কথা। এতে চিকিৎসকের ভূমিকায় দেখা যাবে নওয়াজউদ্দিনকে। দিয়া অভিনয় করছেন গুরুত্বপূর্ণ একটি চরিত্রে।

অনেক ভক্তের ধারণা, সিরিজটির প্রতি দর্শকের আগ্রহ বাড়াতেই এমন রহস্যময় পোস্ট করেছেন দিয়া। কেউ কেউ আবার এ ধরনের প্রচারকৌশল নিয়ে বিরক্তিও প্রকাশ করেছেন। তবে এটি প্রচারণার অংশ, নাকি বাস্তব কোনো বিরোধের বহিঃপ্রকাশ, তা এখনো নিশ্চিত নয়। দুই অভিনয়শিল্পীর কেউই বিষয়টি স্পষ্ট করেননি।