‘মাতৃভূমি’র কলাকুশলীদের লাখ টাকার ঘড়ি উপহার দিলেন সালমান

‘মাতৃভূমি’র কলাকুশলীদের লাখ টাকার ঘড়ি উপহার দিলেন সালমান

ছবিঃ সংগৃহীত।

নিজের নতুন ছবি ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’-এর অভিনয়শিল্পী ও কলাকুশলীদের চমকে দিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। ছবিটির সঙ্গে যুক্ত প্রায় ২০ থেকে ২৫ জনকে উপহার দিয়েছেন দামি সুইস ঘড়ি। প্রতিটি ঘড়ির দাম ভারতীয় মুদ্রায় দুই থেকে ছয় লাখ রুপি বলে জানা গেছে।

গত ১২ নভেম্বর মুম্বাইয়ের পানভেলে নিজের খামারবাড়িতে ছবির দলের জন্য বিশেষ আয়োজন করেন সালমান। এর দুই দিন আগে প্রকাশিত হয়েছিল ছবিটির ঝলক। প্রথমে কলাকুশলীদের জানানো হয়েছিল, ছবির প্রচার পরিকল্পনা নিয়ে আলোচনা হবে। কিন্তু সেখানে গিয়ে তাঁরা দেখেন, তাঁদের জন্য অপেক্ষা করছে বিশেষ উপহার।

জানা গেছে, ছবির কাজে সবার পরিশ্রম ও অবদানের স্বীকৃতি হিসেবেই এ আয়োজন করেন অভিনেতা। পুরুষ সদস্যদের জন্য বেছে নেওয়া হয়েছিল লংজিন ও ট্যাগ হিউয়ারের ঘড়ি। অন্যদিকে নারী সদস্যদের দেওয়া হয় রাডোর ঘড়ি। সালমান নিজেই প্রত্যেকের হাতে উপহার তুলে দেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছবির পরিচালক অপূর্ব লাখিয়া, অভিনয়শিল্পী চিত্রাঙ্গদা সিং, অঙ্কুর ভাটিয়া, বিপিন ভরদ্বাজ ও তানিয়া দেশাই। সংলাপ লেখক চিন্তন শাহও ছিলেন সেখানে। অনুষ্ঠানের কয়েকটি ছবি পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এদিকে ছবিটির মুক্তির সময় পিছিয়ে যাওয়া নিয়েও কথা বলেছেন সালমান। তাঁর ভাষ্য, দৃশ্য সম্পাদনার পরবর্তী কাজ এবং চিত্রাঙ্গদা সিংয়ের চোটের কারণে নির্মাণে সময় লেগেছে। তাড়াহুড়ো করে মুক্তি দেওয়ার বদলে দৃশ্যের মান বজায় রাখতে চেয়েছেন নির্মাতারা। সালমান আরও জানিয়েছেন, কোনো দৃশ্য বাদ না দিয়েই ছবিটি সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে।

অপূর্ব লাখিয়া পরিচালিত যুদ্ধভিত্তিক ছবিটিতে সালমানের সঙ্গে অভিনয় করেছেন চিত্রাঙ্গদা সিং। ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ আগামী ৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা।