রংপুরে আরও একটি বাসে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা

রংপুরে আরও একটি বাসে আগুন দিল কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নেতাকর্মীরা

ছবি: সংগৃহীত

রংপুরে আরও একটি বাসে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। নগরীর এভার গ্যারেজে পার্কিং করা বাসে আগুন দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার ভোরে নগরীর মা ও শিশু হাসপাতালের সামনে সাজু মিয়ার গ্যারেজে শাপলা পরিবহনের বাসে অগ্নিকাণ্ড ঘটে। তবে এতে কোনো  হতাহতের ঘটনা ঘটেনি। এ নিয়ে দুই দিনে রংপুরে তিনটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটলো।

এর আগে, বুধবার ভোরে নগরীর পর্যটন মোটেলের বিপরীত পাশে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা লুমিনাস ক্যাডেট কোচিংয়ের বাসটি পুড়িয়ে দেয় নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা। ওইদিন দুপুর আড়াইটার দিকে বাস টার্মিনালের পার্শ্ববর্তী মৎস্য আড়ৎ এলাকায় অগ্নিসংযোগে পুড়ে যায় হৃদয়-তাহসিন পরিবহনের একটি বাস।

বাস মালিক মিঠু মিয়া বলেন, বাসটি রংপুর-জলঢাকা রুটে চলাচল করতো। আমি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লোকজন আমার বাসে আগুন দিয়েছে। আমার ধারণা গান পাউডার ছিটিয়ে বাসে আগুন দেওয়া হয়েছে। একমাত্র রুটি-রুজির পথ বন্ধ হয়ে যাওয়ায় আমি ক্ষতিগ্রস্ত হয়েছি।

প্রত্যক্ষদর্শী গ্যারেজের নৈশ্যপ্রহরী সিরাজুল ইসলাম জানান, রাত ৩টা ৫ মিনিটের দিকে মাস্ক পড়া তিনজন ছেলে গ্যারেজের পাশ দিয়ে হেঁটে গিয়েছিল। এরপর কিছুক্ষণ পরই গাড়ির সামনের অংশ আগুন জ্বলে উঠে। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে আগুন নেভায়। কিন্তু ততক্ষণে পুরো বাসটি পুড়ে যায়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি ওয়াদুদ আলম বলেন, আগুন লাগার বিষয়টি আমরা খতিয়ে দেখছি। এখানে কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়েছে কি না তাও পর্যবেক্ষণ করা হচ্ছে।