‘নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য বরদাশত করব না’
ছবি: সংগৃহীত
সারা দেশে নিষিদ্ধঘোষিত সংগঠনের সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি ভবনের সামনে শাবিপ্রবির পক্ষ থেকে এই মানববন্ধনের আয়োজন করা হয়।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. সাইফুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের দায়িত্বশীল সবাই এখানে আছেন। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, নিষিদ্ধ সংগঠনের কোনো নৈরাজ্য পরিস্থিতি আমরা বরদাশত করব না।
তিনি আরও বলেন, এই সন্ত্রাসী গোষ্ঠী বারবার প্রমাণ করছে তারা এ দেশের মানুষের শত্রু, এরা বাংলাদেশপন্থী নয়। যারা দেশের শান্তিপূর্ণ ও স্থিতিশীল অবস্থাকে অস্থিতিশীল করতে চায়, তাদেরকে কঠোর হাতে দমন করতে হবে।
এ সময় মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. খায়রুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক ড. জি এম রবিউল ইসলামসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।