মুন্সীগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রেস্টুরেন্টকে জরিমানা
ফাইল ছবি
মুন্সীগঞ্জ সদর উপজেলার বাগমামুদালি পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের দায়ে মিট অ্যান্ড ইট রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে রেস্টুরেন্টটির রান্নাঘরে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।
এ সময় দেখা যায়, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণ করা হচ্ছে। ডাস্টবিন খোলাভাবে রাখা হয়েছে এবং কর্মীদের হাত ধোয়ার জন্য সাবানের ব্যবস্থাও নেই।
রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ পাউরুটি ও ফ্রিজে মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত তরল দুধ সংরক্ষণ করা হচ্ছিল। এ ছাড়া উৎপাদিত কেকের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করা হচ্ছিল না।
এসব অনিয়মের দায়ে প্রতিষ্ঠানটির ম্যানেজার মোহাম্মদ মাসুম বিল্লালকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্যদ্রব্য প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা নূর ই আলম সোহাগ, জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা এবং ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।