ইরানের পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার নিয়ে চার দেশের উদ্বেগ

ইরানের পরমাণু স্থাপনায় আইএইএর প্রবেশাধিকার নিয়ে চার দেশের উদ্বেগ

সংগৃহীত ছবি

ইরানের পরমাণু স্থাপনাগুলোতে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) পরিদর্শকদের প্রবেশাধিকার না দেওয়ায় উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি। দেশগুলোর অভিযোগ, তেহরানের পরমাণু কর্মসূচি যাচাইয়ের ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হয়নি।

বৃহস্পতিবার প্রকাশিত এক যৌথ বিবৃতিতে চার দেশ বলেছে, ইরানের পরমাণু কার্যক্রম যাচাইয়ের ক্ষেত্রে ‘সামান্য অগ্রগতি হয়েছে, বলা যায় কোনো অগ্রগতিই হয়নি’।

এর আগে শুক্রবার প্রকাশিত এক প্রতিবেদনে আইএইএ জানায়, নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরান তাদের পরমাণু কর্মসূচি পর্যবেক্ষণের জন্য প্রয়োজনীয় পরিদর্শনের অনুমতি দিচ্ছে না। সংস্থাটি ইরানি কর্তৃপক্ষকে পরিদর্শকদের প্রবেশাধিকার পুনর্বহালের আহ্বান জানিয়েছে।

যৌথ বিবৃতিতে বলা হয়, ইরানের ঘোষিত পরমাণু স্থাপনা ও পারমাণবিক উপাদানের বর্তমান অবস্থা সম্পর্কে আইএইএ এখন পর্যন্ত তেহরানের কাছ থেকে কোনো তথ্য পায়নি। পাশাপাশি সংস্থাটিকে প্রয়োজনীয় স্থাপনাগুলো পরিদর্শনের অনুমতিও দেওয়া হয়নি।

বিবৃতিতে আইএইএর মহাপরিচালক রাফায়েল গ্রোসির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলা হয়, ইরানের পরমাণু কর্মসূচিতে আন্তর্জাতিক নিরাপত্তা নিশ্চয়তা কার্যকর রাখার প্রচেষ্টা অব্যাহত রেখেছে সংস্থাটি।

সূত্র: আল জাজিরা