বল টেম্পারিংয়ের ঘটনায় কামিন্সকে বোর্ডের সমর্থন
ছবি: সংগৃহীত
‘স্যান্ডপেপারগেট’ কেলেঙ্কারি নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হলেও, অস্ট্রেলিয়া জাতীয় ক্রিকেট দলের টেস্ট অধিনায়কের পদ থেকে প্যাট কামিন্সের সরে যাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। ক্যামেরন ব্যানক্রফটের সাম্প্রতিক বিস্ফোরক মন্তব্যের পর দেশটির অঙ্গনে অস্থিরতা বিরাজ করছে। এমন পরিস্থিতিতে তারা প্যাট কামিন্সের পাশে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছে।
উসমান খাজা তার আত্মজীবনী প্রকাশের পর ২০১৮ সালে দক্ষিণ আফ্রিকা সফরে বল-টেম্পারিং ঘটনা আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। তবে এই নতুন বিতর্কের মাঝেও প্যাট কামিন্স ক্রিকেট অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে স্পষ্ট করে দিয়েছেন, তিনি অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যেতে চান।
বল-টেম্পারিং কেলেঙ্কারি নিয়ে ক্যামেরন ব্যানক্রফট ৪,৫০০ শব্দের একটি দীর্ঘ বিবৃতি দেওয়ার পর থেকেই এই নতুন নাটকীয়তার সূত্রপাত হয়। ব্যানক্রফটের নতুন তথ্যগুলো আবারও প্রশ্ন তুলেছে, সেই ঘটনায় কারা জড়িত ছিল এবং তৎকালীন টিম ম্যানেজমেন্ট ঠিক কতটা জানত।
এর পরিপ্রেক্ষিতে প্রোটিয়া সফরে বল-টেম্পারিংয়ের ঘটনা নিয়ে ব্যানক্রফট ও উসমান খাজার দাবিকে অনেকেই সমর্থন জানিয়েছেন। তারা দাবি করেছেন, বল-টেম্পারিংয়ের পরিকল্পনার কথা অস্ট্রেলিয়ার সব খেলোয়াড়ই জানতেন। তবে প্যাট কামিন্স এই পরিকল্পনা সম্পর্কে তার কোনো ধারণা ছিল না বলে অস্বীকার করেছেন। এই পরিস্থিতিতে এই অজিই ক্রিকেটার এবং ক্রিকেট অস্ট্রেলিয়ার ওপর তীব্র চাপ সৃষ্টি করেছে।
তবে ‘দ্য সিডনি মর্নিং হেরাল্ড’-এর প্রতিবেদন অনুযায়ী, ক্রিকেট অস্ট্রেলিয়া টেস্ট অধিনায়ক হিসেবে প্যাট কামিন্সের ওপর আস্থা বজায় রাখতে প্রস্তুত। কারণ নিজের এবং সামগ্রিকভাবে ক্রিকেটের জন্য অত্যন্ত উত্তাল একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পরও, কামিন্স ক্রিকেট অস্ট্রেলিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ইচ্ছার কথা পুনর্ব্যক্ত করেছেন।
অব্যাহত বিতর্কের মাঝে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) প্রধান পল মার্শ প্যাট কামিন্সের সমর্থনে এগিয়ে এসেছেন। তার মতে, কয়েক বছর আগে ঘটে যাওয়া একটি ঘটনার জেরে ৩২ বছর বয়সী এই ফাস্ট বোলারের পদত্যাগ করাটা অত্যন্ত দুঃখজনক হবে।
মার্শ উল্লেখ করেন, গত পাঁচ বছরে প্যাট কামিন্স এবং দলের নেতৃত্বস্থানীয় গোষ্ঠী অস্ট্রেলিয়ার ড্রেসিংরুমের সংস্কৃতিতে কতটা ইতিবাচক পরিবর্তন এনেছেন। পল মার্শ বলেন, আমার মনে হয় না পরিস্থিতি সেই পর্যায়ে পৌঁছেছে। আসলে অনেক কিছুই আলোচনার আড়ালে হারিয়ে যাচ্ছে, আমরা প্রায়শই অনেক আগে ঘটে যাওয়া কোনো ঘটনাকে বর্তমানের দৃষ্টিভঙ্গি দিয়ে বিচার করি। বরং গত পাঁচ বছরে প্যাট এবং অস্ট্রেলিয়া ক্রিকেট দলের সামগ্রিক নেতৃত্ব যে প্রভাব ফেলেছে, তার দিকে তাকানো উচিত। সাংস্কৃতিক দিক থেকে দলটি এখন দারুণ অবস্থানে রয়েছে।
এসিএ প্রধান আরও যোগ করেন, আমার মতে, এই দলের সঙ্গে তিনি অসাধারণ কাজ করেছেন। যদি এর সমাপ্তি ঘটে, তবে তা সত্যিই খুব দুঃখজনক হবে। আমি উজির (উসমান খাজা) লেখা বইটির বেশিরভাগ অংশ পড়েছি; সেখানেও তিনি প্যাট কামিন্সের নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেছেন। এদিকে এই বিতর্ক নতুন এক মোড় নিয়েছে যখন এসসিজি-তে ‘নিউ সাউথ ওয়েলস ব্লুজ’-এর অনুশীলনের সময় সাংবাদিকদের প্রবেশ করতে দেওয়া হয়নি। শোনা যাচ্ছে, স্টিভ স্মিথের ব্যাটিংয়ের দৃশ্য ধারণ করা থেকে বিরত রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছিল।
মূলত, ‘স্যান্ডপেপার গেট’ বিতর্ক ঘিরে তৈরি হওয়া উত্তেজনার মাঝে স্টিভ স্মিথকে কিছুটা সময় ও অবকাশ দেওয়ার বিষয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া, ক্রিকেট এনএসডব্লিউ এবং স্মিথের ব্যবস্থাপনা দলের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গেছে। উসমান খাজার আত্মজীবনী প্রকাশিত হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক কোনো প্রকাশ্য মন্তব্য করেননি।