ভারতে মণিপুরে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু
প্রতিকী ছবি
ভারতের মণিপুর রাজ্যে বিষাক্ত মদপানে ১৫ জনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮০ জনেরও বেশি মানুষ। স্থানীয়ভাবে তৈরি মদপানের পর মিথানল বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে বলে সন্দেহ করা হচ্ছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
ঘটনাটি ঘিরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।
মণিপুরের চান্দেল জেলায় গত ১৮ থেকে ২০ নভেম্বরের মধ্যে এসব মৃত্যুর ঘটনা ঘটে। গত ৪৮ ঘণ্টায় পরিস্থিতির অবনতি হলে অসুস্থদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অধিকাংশই চান্দেল জেলার চাকপি কারং ও আশপাশের এলাকার বাসিন্দা।
আক্রান্তদের মধ্যে প্রাপ্তবয়স্ক ও মধ্যবয়সী ব্যক্তিরাও রয়েছেন।
জেলা পুলিশের তথ্য অনুযায়ী, বিষাক্ত মদ পানের পর কয়েকজন নিজ বাড়িতেই মারা যান। অন্যদের হাসপাতালে নেওয়ার পথে কিংবা চাকপি কারংয়ের কমিউনিটি স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তিরা যে মদপান করেছিলেন বলে অভিযোগ উঠেছে, সেটি কাকচিং জেলার সুগনু এলাকা থেকে আনা হয়েছিল।
মদটি চান্দেল জেলায় তৈরি বা চোলাই করা হয়নি। একই সঙ্গে এ ঘটনা নিয়ে যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য প্রচার না করতে সাধারণ মানুষ ও গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছে পুলিশ।
এদিকে, বৃহস্পতিবার চান্দেলের উপকমিশনার জনস্বাস্থ্যবিষয়ক সতর্কতা জারি করেন। এতে বলা হয়, মৃত্যুর প্রকৃত কারণ এখনো চিকিৎসাগত ও বৈজ্ঞানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয়ভাবে তৈরি মদ এবং সন্দেহজনক উৎস থেকে আসা যেকোনো ধরনের মদ্যপান থেকে বিরত থাকতে বাসিন্দাদের পরামর্শ দিয়েছে প্রশাসন। পাশাপাশি মদপানের পর বমি, পেটব্যথা, মাথাব্যথা, মাথা ঘোরা, দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যাওয়া কিংবা শ্বাসকষ্টের মতো উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ঘটনার পর বৃহস্পতিবার মণিপুরের মুখ্যমন্ত্রী ইউমনাম খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের শিজা হাসপাতাল ও গবেষণা প্রতিষ্ঠান এবং ইম্ফল পূর্বের বাবিনা হাসপাতাল পরিদর্শন করেন। সেখানে ভেজাল মদ পানের সন্দেহে অসুস্থ হয়ে চিকিৎসাধীন ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নেন তিনি।
এ সময় মুখ্যমন্ত্রী চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন এবং রোগীদের চিকিৎসার খোঁজখবর নেন। রাজ্য সরকারের পক্ষ থেকে চিকিৎসাধীন ব্যক্তিদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। একই সঙ্গে অসুস্থদের দ্রুত সুস্থতা কামনা করেন মুখ্যমন্ত্রী।