ইয়েমেনে হুথিদের হামলায় তিন মাসে ২১৫ শিশু নিহত

ইয়েমেনে হুথিদের হামলায় তিন মাসে ২১৫ শিশু নিহত

ফাইল ছবি

ইয়েমেনে সরকারি বাহিনীর নিয়ন্ত্রিত এলাকায় গত ১ আগস্ট থেকে ১৫ নভেম্বরের মধ্যে হুথি বিদ্রোহীদের হামলায় ২১৫ জন শিশু নিহত হয়েছে। দেশটির আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকার এ তথ্য জানিয়েছে। খবর আল জাজিরার। 

জাতিসংঘে নিযুক্ত ইয়েমেনের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আবদুল্লাহ আল-সাদি জানান, ওই সময়ের মধ্যে বেসামরিক নাগরিক ও স্থাপনার ওপর চালানো তিন হাজার ৩৩৪টি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা নথিভুক্ত করেছে সরকার। 

আবদুল্লাহ আল-সাদি আরও জানান, সাড়ে তিন মাসের ওই সময়ে হুথিদের হয়ে যুদ্ধ করতে নিয়োগ পাওয়া ২৬০ জন শিশু সৈনিকের মৃত্যুর তথ্যও নথিভুক্ত করেছে দেশটির মানবাধিকার মন্ত্রণালয়। 

ইয়েমেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হুথিরা যুদ্ধে শিশুদের নিয়োগ দেওয়ার জন্য স্কুলের পরিবেশকে কাজে লাগাচ্ছে এবং পরিবারগুলোর ওপর সামাজিক চাপ সৃষ্টি করছে। পাশাপাশি গ্রীষ্মকালীন কেন্দ্র এবং সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মকাণ্ডকেও তারা শিশু নিয়োগের মাধ্যম হিসেবে ব্যবহার করছে। 

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘এসব কর্মকাণ্ড সশস্ত্র সংঘাতে শিশুদের সুরক্ষা সংক্রান্ত আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন।’ 

এছাড়া শিক্ষা প্রতিষ্ঠানে ৯৩টি হামলার ঘটনা নথিভুক্ত করেছে মন্ত্রণালয়। এসব হামলার কারণে ২৪৩টি স্কুলের পাঠদান বন্ধ হয়ে গেছে, যাতে এক লাখ ৩৭ হাজার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হয়েছে।