চাকরির সিভিতে যেসব তথ্য না রাখাই ভালো

চাকরির সিভিতে যেসব তথ্য না রাখাই ভালো

ফাইল ছবি

চাকরির জন্য আবেদন করতে গেলে প্রথমেই প্রয়োজন হয় একটি ভালো সিভি বা জীবনবৃত্তান্ত। একজন চাকরিপ্রার্থীর শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা ও দক্ষতা সম্পর্কে প্রাথমিক ধারণা পেতে নিয়োগদাতারা সাধারণত সিভি দেখেন। তাই সেখানে কী তথ্য দেওয়া হচ্ছে, তা গুরুত্বপূর্ণ।

অনেকেই মনে করেন, সিভিতে যত বেশি তথ্য দেওয়া যাবে, তত ভালো। ফলে শিক্ষাগত যোগ্যতা ও কাজের অভিজ্ঞতার পাশাপাশি ব্যক্তিগত জীবনের নানা তথ্যও যুক্ত করেন। কিন্তু সব তথ্য চাকরির জন্য প্রাসঙ্গিক নয়। বরং অপ্রয়োজনীয় তথ্যের কারণে গুরুত্বপূর্ণ যোগ্যতাগুলো আড়ালে পড়ে যেতে পারে।

অবশ্য সব চাকরির জন্য সিভি তৈরির নিয়ম এক নয়। দেশ, প্রতিষ্ঠান ও পদের ধরন অনুযায়ী কিছু তথ্যের প্রয়োজন হতে পারে। তবে সাধারণভাবে চাকরির সিভি তৈরির সময় কয়েকটি বিষয় এড়িয়ে চলা ভালো।

অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য

অনেক সিভিতে বয়স, বৈবাহিক অবস্থা, ধর্ম, জাতীয় পরিচয়পত্রের নম্বর, রক্তের গ্রুপ, মা-বাবার নামসহ নানা ব্যক্তিগত তথ্য দেখা যায়। কিন্তু অধিকাংশ সাধারণ চাকরির জন্য এসব তথ্যের প্রয়োজন হয় না। বিশেষ করে আন্তর্জাতিক প্রতিষ্ঠানে বা বিদেশে চাকরির আবেদন করার সময় ব্যক্তিগত তথ্য দেওয়ার বিষয়ে সতর্ক থাকা ভালো।

বাংলাদেশে কিছু সরকারি চাকরি বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের আবেদনে বয়স, কিংবা অন্যান্য ব্যক্তিগত তথ্য প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে নিয়োগ বিজ্ঞপ্তিতে দেওয়া নির্দেশনা অনুসরণ করতে হবে।

সিভিতে সাধারণত নিজের নাম, যোগাযোগের উপযোগী ফোন নম্বর, পেশাদার ইমেইল ঠিকানা এবং প্রয়োজন অনুযায়ী শহর বা এলাকার নাম উল্লেখ করলেই চলে। বাসার পূর্ণ ঠিকানা দেওয়ার প্রয়োজন অনেক ক্ষেত্রেই নেই।

অপ্রয়োজনীয় ছবি

বাংলাদেশে অনেক চাকরিপ্রার্থী সিভিতে নিজের ছবি যুক্ত করেন। কিছু প্রতিষ্ঠান আবেদনকারীর ছবিও চেয়ে থাকে। তবে সব চাকরির জন্য ছবি দেওয়া বাধ্যতামূলক নয়। তাই চাকরির বিজ্ঞপ্তিতে ছবি চাওয়া হয়েছে কি না, তা আগে দেখে নেওয়া ভালো। প্রয়োজন না থাকলে ছবি যুক্ত করার দরকার নেই।

সব শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ

সিভিতে শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ। তবে প্রতিটি পরীক্ষার বিস্তারিত তথ্য সব সময় প্রয়োজন হয় না। ধরা যাক, একজন চাকরিপ্রার্থী স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেছেন এবং কয়েক বছর ধরে চাকরি করছেন। তার ক্ষেত্রে প্রাথমিক বিদ্যালয়ের নাম বা অনেক পুরোনো পরীক্ষার বিস্তারিত ফলাফল উল্লেখ করার প্রয়োজন নেই।

তবে সদ্য পড়াশোনা শেষ করা শিক্ষার্থীদের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের তথ্য প্রাসঙ্গিক হতে পারে। আবার কিছু চাকরির বিজ্ঞপ্তিতে নির্দিষ্ট পরীক্ষার ফলাফল চাওয়া হয়। তাই শিক্ষাগত যোগ্যতার অংশটি তৈরি করতে হবে চাকরির ধরন ও নিজের অভিজ্ঞতা বিবেচনা করে। সাধারণভাবে সর্বশেষ বা সবচেয়ে প্রাসঙ্গিক ডিগ্রিকে বেশি গুরুত্ব দেওয়া ভালো।

চাকরির সঙ্গে সম্পর্ক নেই এমন অভিজ্ঞতা

অনেকেই সিভিতে জীবনের সব কাজের অভিজ্ঞতা যুক্ত করেন। কিন্তু প্রতিটি চাকরির জন্য সব অভিজ্ঞতা সমান গুরুত্বপূর্ণ নয়। যেমন, একজন চাকরিপ্রার্থী যদি হিসাবরক্ষকের পদে আবেদন করেন, তাহলে হিসাবরক্ষণ, আর্থিক প্রতিবেদন তৈরি বা সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারের অভিজ্ঞতা বেশি গুরুত্ব পাবে। অন্যদিকে বহু বছর আগের এমন কোনো কাজ, যার সঙ্গে আবেদন করা পদের সম্পর্ক নেই, সেটির বিস্তারিত বিবরণ দেওয়ার প্রয়োজন নেই।

দক্ষতার অতিরঞ্জিত বিবরণ

সিভিতে নিজের দক্ষতা তুলে ধরা প্রয়োজন। কিন্তু যে কাজ ভালোভাবে পারেন না, সেটিকে বিশেষ দক্ষতা হিসেবে উল্লেখ করা ঠিক নয়। যেমন, কেউ যদি শুধু মাইক্রোসফট এক্সেলের সাধারণ কাজ জানেন, তাহলে নিজেকে এক্সেলের বিশেষজ্ঞ হিসেবে পরিচয় দেওয়া উচিত নয়। একইভাবে কোনো বিদেশি ভাষায় সামান্য কথা বলতে পারলেও সেটিতে সম্পূর্ণ দক্ষ বলে দাবি করা ঠিক হবে না।

চাকরির সাক্ষাৎকারে কিংবা নিয়োগের পর এসব দক্ষতা যাচাই করা হতে পারে। তখন সিভিতে দেওয়া তথ্যের সঙ্গে বাস্তব দক্ষতার মিল না থাকলে সমস্যা তৈরি হতে পারে। তাই যে দক্ষতাগুলো সত্যিই রয়েছে এবং চাকরির সঙ্গে সম্পর্কিত, সেগুলোই উল্লেখ করা ভালো। প্রয়োজনে দক্ষতার মাত্রাও স্পষ্ট করা যেতে পারে।

শখ ও ব্যক্তিগত পছন্দ

অনেক সিভিতে শখের তালিকায় গান শোনা, সিনেমা দেখা, ভ্রমণ করা কিংবা বই পড়ার মতো বিষয় উল্লেখ করা হয়। চাকরির সঙ্গে সম্পর্ক না থাকলে এসব তথ্য সিভিতে রাখার প্রয়োজন নেই।

অতিরিক্ত দীর্ঘ ব্যক্তিগত পরিচিতি

সিভির শুরুতে অনেকে নিজের সম্পর্কে একটি দীর্ঘ অনুচ্ছেদ লেখেন। সেখানে পরিশ্রমী, সৎ, দায়িত্বশীল, সময়নিষ্ঠ কিংবা চ্যালেঞ্জ নিতে আগ্রহী—এ ধরনের নানা বিশেষণ ব্যবহার করেন। কিন্তু শুধু এসব বিশেষণ দিয়ে নিজের যোগ্যতা বোঝানো কঠিন।

এর পরিবর্তে সংক্ষিপ্তভাবে নিজের পেশাগত অভিজ্ঞতা, প্রধান দক্ষতা এবং কোন ধরনের কাজে অভিজ্ঞতা রয়েছে, তা উল্লেখ করা যেতে পারে। যেমন, ‘আমি একজন পরিশ্রমী ও দায়িত্বশীল ব্যক্তি’ লেখার পরিবর্তে বলা যায়, ‘ডিজিটাল কনটেন্ট তৈরি ও সম্পাদনায় তিন বছরের অভিজ্ঞতা রয়েছে’।

তবে সিভির শুরুতে আলাদা পরিচিতি দেওয়া বাধ্যতামূলক নয়। নিজের অভিজ্ঞতা ও চাকরির ধরন অনুযায়ী এই অংশ রাখা বা বাদ দেওয়া যায়।

ভুল বা যাচাই করা যায় না এমন তথ্য

সিভিতে ভুল তথ্য দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা, চাকরির মেয়াদ, পদবি কিংবা কাজের অভিজ্ঞতা সম্পর্কে ভুল তথ্য ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে। একইভাবে নিজের অর্জন তুলে ধরতে গিয়ে এমন সংখ্যা ব্যবহার করা ঠিক নয়, যার কোনো ভিত্তি নেই। ধরা যাক, কেউ লিখলেন তার কাজের কারণে প্রতিষ্ঠানের বিক্রি ৫০ শতাংশ বেড়েছে। এ ধরনের দাবি করার আগে নিশ্চিত হতে হবে, তথ্যটি সঠিক কি না এবং এর পক্ষে প্রমাণ রয়েছে কি না।

অপ্রয়োজনীয় রেফারেন্স

অনেক চাকরিপ্রার্থী সিভির শেষে কয়েকজন শিক্ষক, সাবেক কর্মকর্তা কিংবা পরিচিত ব্যক্তির নাম, ফোন নম্বর ও ইমেইল ঠিকানা যুক্ত করেন। কিন্তু সব চাকরির প্রাথমিক আবেদনে রেফারেন্সের প্রয়োজন হয় না। নিয়োগদাতা চাইলে পরবর্তী সময়ে এসব তথ্য দেওয়া যেতে পারে। আবার শুধু 'রেফারেন্সেস অ্যাভেইলেবল আপন রিকোয়েস্ট’ লেখাটিও অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না। কারণ নিয়োগদাতা চাইলে আবেদনকারীর কাছে রেফারেন্স চাইতে পারেন।

তবে চাকরির বিজ্ঞপ্তিতে নির্দিষ্টসংখ্যক রেফারেন্স দিতে বলা হলে সেই নির্দেশনা অনুসরণ করতে হবে।

কোনো ব্যক্তির নাম রেফারেন্স হিসেবে দেওয়ার আগে অবশ্যই তার অনুমতি নেওয়া উচিত। অনুমতি ছাড়া অন্যের ব্যক্তিগত যোগাযোগের তথ্য সিভিতে যুক্ত করা ঠিক নয়।

অপ্রয়োজনীয় ডিজাইন ও অতিরিক্ত তথ্য

সিভিকে আকর্ষণীয় করতে গিয়ে অনেকে বিভিন্ন রং, ছবি, গ্রাফিক্স, আইকন ও জটিল ডিজাইন ব্যবহার করেন। কিন্তু অতিরিক্ত ডিজাইনের কারণে সিভি পড়তে অসুবিধা হতে পারে। কিছু প্রতিষ্ঠান আবেদনকারীদের সিভি বাছাই করতে সফটওয়্যার ব্যবহার করে। জটিল টেবিল, একাধিক কলাম বা অস্বাভাবিক বিন্যাসের কারণে কিছু সফটওয়্যারে তথ্য সঠিকভাবে পড়তে সমস্যা হতে পারে। তাই পরিষ্কার ও সহজে পড়া যায় এমন সিভি তৈরি করা ভালো।

সিভি কত পৃষ্ঠার হবে, সেটিও নির্ভর করে অভিজ্ঞতা ও পদের ওপর। সদ্য স্নাতক হওয়া শিক্ষার্থীদের জন্য এক পৃষ্ঠার সিভি যথেষ্ট হতে পারে। অভিজ্ঞ চাকরিপ্রার্থীদের ক্ষেত্রে দুই বা তার বেশি পৃষ্ঠা প্রয়োজন হতে পারে।

একই সিভি সব চাকরিতে পাঠানো

এটি সরাসরি অপ্রয়োজনীয় তথ্যের বিষয় না হলেও সিভি তৈরির সময় একটি সাধারণ ভুল।অনেকেই একবার সিভি তৈরি করে সেটিই সব চাকরির আবেদনে পাঠান। কিন্তু বিভিন্ন পদের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও অভিজ্ঞতা আলাদা হতে পারে। তাই প্রতিটি চাকরির বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে সিভির প্রাসঙ্গিক অংশগুলো সাজানো উচিত। যে অভিজ্ঞতা ও দক্ষতা পদের সঙ্গে বেশি সম্পর্কিত, সেগুলোকে গুরুত্ব দেওয়া যেতে পারে।

একটি ভালো সিভির উদ্দেশ্য নিজের জীবনের সব তথ্য তুলে ধরা নয়। বরং যে চাকরির জন্য আবেদন করা হচ্ছে, সেই কাজের উপযোগী যোগ্যতা, দক্ষতা ও অভিজ্ঞতা নিয়োগদাতার সামনে স্পষ্টভাবে উপস্থাপন করা।তাই সিভি পাঠানোর আগে একবার দেখে নেওয়া ভালো, সেখানে অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য আছে কি না, কোনো তথ্য ভুল হয়েছে কি না এবং গুরুত্বপূর্ণ অভিজ্ঞতাগুলো সহজে চোখে পড়ছে কি না। প্রয়োজনীয় তথ্য দিয়ে সাজানো একটি সংক্ষিপ্ত ও পরিষ্কার সিভি নিয়োগদাতাকে আবেদনকারীর যোগ্যতা বুঝতে সাহায্য করতে পারে।