কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

কক্সবাজারে জমি নিয়ে বিরোধ, ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

প্রতিকি ছবি

কক্সবাজারের মহেশখালী উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছেন। নিহতের ছোট ভাই তার সৎ ভাই বলে জানা গেছে। এ ঘটনায় অভিযুক্ত নেছারকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন স্থানীয়রা।

রবিবার সকালে উপজেলার কুতুবজোম ইউনিয়নের খোন্দকার পাড়া এলাকায় নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত হাজী মহিবুল্লাহ (৬০) ওই এলাকার স্থায়ী বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে জমি নিয়ে বিরোধের একপর্যায়ে ছোট ভাই নেছার পেছন থেকে বড় ভাই মহিবুল্লাহর মাথায় ইট দিয়ে আঘাত করেন। এতে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এদিকে, ঘটনার পর স্থানীয়রা অভিযুক্ত নেছারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে জানা গেছে।

মহেশখালী থানার ওসি মোহাম্মদ আব্দুস সোলতান বলেন, অভিযুক্তকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।