মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা

মুন্সীগঞ্জে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানের জরিমানা

ফাইল ছবি

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাতিমারা চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৮ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মূল্য তালিকা প্রদর্শন না করা, জর্দার রঙের নামে নন-ফুডগ্রেড রঙ বিক্রি এবং বেকারির খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না করার অপরাধে এ জরিমানা করা হয়।

রবিবার (২২ নভেম্বর) দুপুর ১২টা থেকে দেড়টা পর্যন্ত পরিচালিত অভিযানে খাদিজা স্টোরের মালিক মোহাম্মদ জাহাঙ্গীর শেখকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটিতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন করা হচ্ছিল না। এছাড়া জর্দার রঙ হিসেবে নন-ফুডগ্রেড রঙ বিক্রির বিষয়টিও নজরে আসে। এ সময় দোকানটিতে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়।

অন্যদিকে, সাফা বেকারিতে পাউরুটি, কেক ও বিস্কুটসহ বিভিন্ন খাদ্যপণ্য তৈরি করা হলেও সেগুলোর মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ও সর্বোচ্চ খুচরা বিক্রয়মূল্য (এমআরপি) উল্লেখ করা হচ্ছিল না। এ অপরাধে বেকারিটির মালিক শামীম গাজীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি খাদ্যপণ্যের মোড়কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ করার নির্দেশনা দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।