নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় বিজিবির ফ্রি মেডিকেল ক্যাম্প

ছবি: সংগৃহীত

নেত্রকোনার সীমান্তবর্তী এলাকায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রবিবার (২২ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের সীমান্ত এলাকায় এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।

নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর ব্যবস্থাপনায় আয়োজিত এ ক্যাম্পে নারী, পুরুষ ও শিশুসহ মোট ২৫৪ জন চিকিৎসাসেবা গ্রহণ করেন।

জানা গেছে, খারনৈ বিওপি সংলগ্ন খেলার মাঠে আয়োজিত এ ক্যাম্পে ময়মনসিংহের ভারপ্রাপ্ত সেক্টর মেডিকেল অফিসারসহ তিনজন চিকিৎসক চিকিৎসাসেবা প্রদান করেন। চিকিৎসাসেবা গ্রহণকারীদের মধ্যে ৭৭ জন পুরুষ, ১৩৫ জন নারী ও ৪২ জন শিশু রয়েছেন। এ সময় বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ বিতরণের পাশাপাশি রোগীদের ডায়াবেটিস পরীক্ষার ব্যবস্থাও করা হয়।

ক্যাম্পেইন চলাকালে নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী সংশ্লিষ্ট কোম্পানি ও বিওপি কমান্ডারদের নিয়ে উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় ইউপি সদস্য ও সংবাদকর্মীরাও উপস্থিত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী জনপদের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং মানবিক প্রয়োজনে পাশে দাঁড়ানোর অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।