৯৮ বছরে পা দিল বিশ্বখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস

৯৮ বছরে পা দিল বিশ্বখ্যাত কার্টুন চরিত্র মিকি মাউস

ছবিঃ সংগৃহীত।

বিশ্বজুড়ে কোটি মানুষের পরিচিত কার্টুন চরিত্র মিকি মাউসের ৯৮তম জন্মদিন আজ ১৮ নভেম্বর। ১৯২৮ সালের এই দিনে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের কলোনি থিয়েটারে মুক্তি পেয়েছিল ওয়াল্ট ডিজনির অ্যানিমেটেড স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘স্টিমবোট উইলি’। এই চলচ্চিত্রের মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হয় মিকি মাউস ও মিনি মাউসের।

‘স্টিমবোট উইলি’ মুক্তির দিনটিকেই মিকি মাউসের আনুষ্ঠানিক জন্মদিন হিসেবে পালন করা হয়। তবে চরিত্রটির যাত্রা শুরু হয়েছিল আরও আগে। ১৯২৮ সালের মে মাসে নির্মিত ‘প্লেন ক্রেজি’ ছিল মিকিকে নিয়ে তৈরি প্রথম কার্টুন।

এরপর তৈরি হয় ‘দ্য গ্যালোপিন গাউচো’। তবে সে সময় চলচ্চিত্র দুটি পরিবেশনার জন্য উপযুক্ত পরিবেশক পাওয়া যায়নি। পরে শব্দযুক্ত অ্যানিমেশন তৈরির পরিকল্পনা থেকে নির্মিত হয় ‘স্টিমবোট উইলি’। এটিই প্রথম মুক্তি পায় এবং মিকিকে বিশ্বজুড়ে পরিচিত করে তোলে।

যেভাবে তৈরি হলো মিকি মাউস

মিকি মাউসের স্রষ্টা হিসেবে পরিচিত ওয়াল্ট ডিজনি। চরিত্রটির নকশা ও অ্যানিমেশনে তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অ্যানিমেটর ইউবি আইওয়ার্কস।

ডিজনির আগের জনপ্রিয় কার্টুন চরিত্র অসওয়াল্ড দ্য লাকি র‍্যাবিটের স্বত্ব হারানোর পর নতুন একটি চরিত্র তৈরির উদ্যোগ নেওয়া হয়। সেখান থেকেই জন্ম নেয় দুষ্টু ও প্রাণবন্ত এক ইঁদুরের চরিত্র—মিকি মাউস।

প্রচলিত আছে, চরিত্রটির নাম প্রথমে ‘মর্টিমার’ রাখার কথা ভাবা হয়েছিল। তবে ওয়াল্ট ডিজনির স্ত্রী লিলিয়ান ডিজনির পরামর্শে নাম রাখা হয় ‘মিকি’। এরপর থেকেই এই নামেই পরিচিতি পায় চরিত্রটি।

‘স্টিমবোট উইলি’ বদলে দেয় অ্যানিমেশনের ইতিহাস

মিকি মাউসের জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রাখে ‘স্টিমবোট উইলি’। সমন্বিত শব্দযুক্ত অ্যানিমেশনের ইতিহাসে চলচ্চিত্রটি গুরুত্বপূর্ণ একটি কাজ হিসেবে বিবেচিত হয়। পর্দায় চরিত্রের নড়াচড়া, সংগীত ও শব্দের সমন্বয় দর্শকদের সামনে নতুন অভিজ্ঞতা তুলে ধরে।

আট মিনিটের সাদা-কালো এই চলচ্চিত্রে মিকিকে দেখা যায় একটি স্টিমবোটের নাবিক হিসেবে। সেখানে জাহাজের ক্যাপ্টেন পিটের সঙ্গে নানা মজার ঘটনায় জড়িয়ে পড়ে সে।

চলচ্চিত্রটির শব্দ ধারণের কাজও ছিল বেশ চ্যালেঞ্জের। সংগীত ও দৃশ্যের সঙ্গে তাল মেলাতে নির্মাতাদের একাধিকবার চেষ্টা করতে হয়েছিল। শেষ পর্যন্ত সংগীত ও শব্দের যথাযথ সমন্বয়ে চলচ্চিত্রটি দর্শকদের প্রশংসা পায়। এর সাফল্য ওয়াল্ট ডিজনির অ্যানিমেশন স্টুডিওর জন্যও নতুন সম্ভাবনা তৈরি করে।

শুধু কার্টুন নয়, বিনোদনজগতের পরিচিত প্রতীক

১৯২৮ সালে যাত্রা শুরুর পর মিকি মাউস ধীরে ধীরে ওয়াল্ট ডিজনি প্রতিষ্ঠানের অন্যতম প্রধান প্রতীকে পরিণত হয়। কার্টুন চলচ্চিত্রের পাশাপাশি টেলিভিশন অনুষ্ঠান, কমিকস, বই, খেলনা ও বিভিন্ন ধরনের পণ্যে জায়গা করে নেয় চরিত্রটি। ১৯৪০ সালে মুক্তি পাওয়া ‘ফ্যান্টাসিয়া’ চলচ্চিত্রের মাধ্যমে পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রেও অভিষেক হয় মিকির।

১৯৭৮ সালে চরিত্রটির ৫০তম জন্মদিন উপলক্ষে হলিউড ওয়াক অব ফেমে তারকা পায় মিকি মাউস। অ্যানিমেটেড চরিত্র হিসেবে এটিই ছিল প্রথম। সময়ের সঙ্গে মিকির চেহারা ও উপস্থাপনায় পরিবর্তন এসেছে। তবে তার পরিচিত গোল কান, লাল পোশাক ও প্রাণবন্ত ব্যক্তিত্ব এখনো দর্শকদের কাছে বিশেষ আকর্ষণ।

প্রায় এক শতাব্দী ধরে প্রজন্মের পর প্রজন্মের দর্শকের কাছে জনপ্রিয়তা ধরে রেখেছে মিকি মাউস। অ্যানিমেশনের ইতিহাসে গুরুত্বপূর্ণ অবদান রাখার পাশাপাশি চরিত্রটি হয়ে উঠেছে বিশ্ব বিনোদনজগতের অন্যতম পরিচিত মুখ।