রাজস্থানে ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত ৯

রাজস্থানে ট্রাকের পেছনে গাড়ির ধাক্কা, নিহত ৯

ছবিঃ সংগৃহীত।

ভারতের রাজস্থানে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।

স্থানীয় সময় শনিবার দিবাগত রাত ২টার দিকে কোটা-উদয়পুর জাতীয় মহাসড়কের শম্ভুপুরা গ্রামের কাছে এ দুর্ঘটনা ঘটে। সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির একটি ক্রুজার গাড়ি ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাকবলিত গাড়িতে মহারাষ্ট্রের একই পরিবারের ১৫ জন সদস্য ছিলেন। তারা রাজস্থানের খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে বাড়ি ফিরছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়ি চালানোর সময় চালকের ঘুম চলে আসায় তিনি নিয়ন্ত্রণ হারান।

নিহতরা হলেন উষা বাই, সুশীলা, কৈলাশ, সানভি, সজ্জন, অনিতা, বাবুলাল, জাহ্নবী ও মাধবী। আহত ছয়জনকে উদ্ধার করে অ্যাম্বুলেন্সে নিউ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান সিটি পুলিশ সুপার তেজস্বিনী গৌতম। পুলিশ ও উদ্ধারকারী দল গাড়ির ভেতরে আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ বিশেষ মেডিকেল টিমও গঠন করেছে।

নয়জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা কালেক্টর রাজেশ যোশি। বার্তা সংস্থা এএনআইকে তিনি জানান, নিহত ও আহত সবাই একই পরিবারের সদস্য। তারা খাটু শ্যামজি মন্দির দর্শন শেষে মহারাষ্ট্রে ফিরছিলেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করাই এখন প্রশাসনের প্রধান অগ্রাধিকার। নিহতদের ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে।

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের অন্য সদস্যরাও ঘটনাস্থলে ছুটে আসেন। তাদের একজন জানান, তিনটি গাড়িতে করে পরিবারের মোট ৩৬ জন আত্মীয় খাটু শ্যামজি থেকে মধ্যপ্রদেশের ধার এলাকার দিকে যাচ্ছিলেন। যাত্রাপথে দুটি গাড়ি পেছনে পড়ে যায় এবং দুর্ঘটনাকবলিত গাড়িটি সামনে চলে যায়। পরে ওই গাড়িতে থাকা এক স্বজন ফোন করে দুর্ঘটনার খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান।

তিনি আরও জানান, মঙ্গলবার রাতে তাদের যাত্রা শুরু হয়েছিল। ফেরার পথে একটি হোটেলেও বিরতি নিয়েছিলেন তারা। তবে বাড়ি ফেরার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় একই পরিবারের নয়জনের প্রাণহানি ঘটে।