সেমিফাইনালের আগে বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন
সংগৃহীত ছবি
এশিয়া কাপ রাইজিং স্টারস ওয়ানডে টুর্নামেন্টের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে বাংলাদেশ ‘এ’ দলে এসেছে বড় পরিবর্তন। পারভেজ হোসেন ইমন ও ইয়াসির আলী চৌধুরীর পরিবর্তে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কনকে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে দলে থাকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে খেলবেন না পারভেজ ইমন ও ইয়াসির আলী।
এদিকে চোটের কারণে দল থেকে ছিটকে গেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে এসএম মেহেরবকে।
নতুন এই পরিবর্তনের ফলে বাংলাদেশ ‘এ’ দলের ব্যাটিং ও বোলিং বিভাগে যুক্ত হচ্ছেন তিন ক্রিকেটার। মাহমুদুল হাসান জয় ও মাহিদুল ইসলাম অঙ্কন ব্যাটিং বিভাগে এবং এসএম মেহেরব বোলিং বিভাগে সাইফউদ্দিনের বিকল্প হিসেবে দায়িত্ব পালন করবেন।