‘আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গুম করলাম, এখন এমন করলে হবে’
ছবিঃ সংগৃহীত।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এক মামলায় বিএনপি নেতা ইলিয়াস আলীর নিখোঁজ হওয়ার ঘটনা আবারও আলোচনায় এসেছে। ইলিয়াস আলি ও তার গাড়িচালক আনসার আলী ২০১২ সালের ১৭ এপ্রিল একসঙ্গে নিখোঁজ হন। দীর্ঘ ১৪ বছর পরও জানা যায়নি তাদের সঙ্গে কী ঘটেছে।
তবে, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কে উঠে এসেছে চাঞ্চল্যকর এক সাক্ষ্য। এতে উঠে আসে, ইলিয়াস আলীকে অপহরণের পরিকল্পনা, তাকে তুলে নেওয়ার চেষ্টা এবং পরবর্তীসময়ে কথিত একটি ফোনালাপের বিবরণ।
মঙ্গলবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ শতাধিক গুম, খুন ও হত্যায় অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের সময় চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এসব তথ্য তুলে ধরেন।
রাষ্ট্রপক্ষের দাবি, এসব সাক্ষ্য ও কথোপকথনে ইলিয়াস আলীকে অপহরণের সঙ্গে জিয়াউল আহসানের সম্পৃক্ততার গুরুত্বপূর্ণ ইঙ্গিত রয়েছে।
চিফ প্রসিকিউটর জানান, মহাখালী ফ্লাইওভারে অপেক্ষা, প্রথম পরিকল্পনা ব্যর্থ হওয়ার দাবি। রাষ্ট্রপক্ষের পঞ্চম সাক্ষী সেনাসদস্য ইমরুল কায়েস। তিনি একসময় জিয়াউল আহসানের ব্যক্তিগত বডিগার্ড বা রানার হিসেবে দায়িত্ব পালন করতেন।
তার জবানবন্দি থেকে আদালতে তুলে ধরা তথ্য অনুযায়ী, ২০১২ সালের ১৩ এপ্রিল রাতে র্যাব সদর দপ্তর থেকে একটি মাইক্রোবাসে করে জিয়াউল আহসান, মেজর নওশাদ, স্কোয়াড্রন লিডার সাইফসহ কয়েকজন মহাখালী ফ্লাইওভারের দিকে যান।
কেন সেখানে যাওয়া, কাকে গাড়িতে তুলে নেওয়া হবে- এসব বিষয়ে ইমরুল কায়েসের কিছু জানা ছিল না বলে তার সাক্ষ্যে উল্লেখ করা হয়। তবে তিনি লক্ষ্য করেন, গাড়িতে বসে জিয়াউল আহসান বিভিন্ন জায়গায় ফোন করছেন। টার্গেট ব্যক্তি কখন আসবেন, তা জানতে চাইছেন।
একপর্যায়ে তারা জানতে পারেন, সেদিন টার্গেট ব্যক্তি আসবেন না। পরে সেখান থেকে জিয়াউল আহসানকে বাসায় নামিয়ে দেওয়া হয়। এরপর ইমরুল কায়েস নয় দিনের ছুটিতে চলে যান।
ছুটিতে থাকা অবস্থায় গণমাধ্যমে জানতে পারেন, বিএনপি নেতা ইলিয়াস আলী মহাখালী সেতু এলাকা থেকে অপহৃত হয়েছেন।
ছুটি শেষে ফিরে যে পরিস্থিতি দেখেছিলেন ইমরুল
নয় দিনের ছুটি শেষে ২৩ এপ্রিল কর্মস্থলে ফিরে ইমরুল কায়েস র্যাব সদর দপ্তরে অস্বাভাবিক থমথমে পরিস্থিতি দেখতে পান বলে তার জবানবন্দিতে উল্লেখ রয়েছে।
সহকর্মীদের সঙ্গে কথা বলে তিনি জানতে পারেন, অস্ত্রের ইন-আউট রেজিস্টার এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ নষ্ট করে ফেলা হয়েছে বলে অভিযোগ রয়েছে।
আরও একটি অস্বাভাবিক পরিবর্তন লক্ষ করেন তিনি। সাধারণত সকাল ৯টায় ফল-ইন বা রোল কল অনুষ্ঠিত হলেও ১৮ এপ্রিল থেকে সেটি সকাল ৭টায় শুরু হচ্ছিল। জিয়াউল আহসান পরপর কয়েক দিন ওই ফল-ইনে উপস্থিত ছিলেন।
ইমরুলের সাক্ষ্য অনুযায়ী, একদিন ফল-ইনের সময় জিয়াউল আহসান ফোনে কথা বলছিলেন। তখন তার ফোনে আরেকটি কল আসে। তিনি অপর প্রান্তের ব্যক্তিকে বলেন, ‘তুই রাখ, তারেক স্যার ফোন দিয়েছেন।’
এরপরই শুরু হয় সেই কথোপকথন, যা এখন আদালতে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্কের অন্যতম আলোচিত অংশ।
ইমরুল কায়েসের জবানবন্দি থেকে উদ্ধৃত করে চিফ প্রসিকিউটর আদালতকে জানান, জিয়াউল আহসান ফোনে তারিক আহমেদ সিদ্দিকের সঙ্গে কথা বলছিলেন বলে সাক্ষী দাবি করেছেন।
সেই কথোপকথনে জিয়াউল আহসানকে বলতে শোনা যায়—
‘স্যার, আপনাদের কথামতো ইলিয়াস আলীকে গলফ (গুম) করলাম। এখন আপনারা এমন করলে হবে? এর চেয়ে আমি কমান্ডো মানুষ, আমাকে জঙ্গলে পোস্টিং দিয়ে দেন। এটাই আমার জন্য ভালো।’
রাষ্ট্রপক্ষের দাবি, এখানে ‘গলফ’ শব্দটি অপহরণের সাংকেতিক অর্থে ব্যবহৃত হয়েছে।
চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম আদালতকে বলেন, ইমরুল কায়েস একজন প্রত্যক্ষ সাক্ষী। তিনি নিজ কানে জিয়াউল আহসান ও তারিক আহমেদ সিদ্দিকের কথোপকথন শুনেছেন। রাষ্ট্রপক্ষের মতে, এই কথোপকথনে ইলিয়াস আলীকে অপহরণের বিষয়ে স্পষ্ট স্বীকারোক্তির উপাদান রয়েছে।
জিয়াউল আহসানের সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
মঙ্গলবার যুক্তিতর্ক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। তিনি জিয়াউল আহসানকে মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত করে বলেন, তার মতো অপরাধীর দৃষ্টান্ত পৃথিবীর ইতিহাসে বিরল। রাষ্ট্রপক্ষ তার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং সব সম্পত্তি বাজেয়াপ্ত করার আবেদন জানিয়েছে।
এই মামলায় গুম ও হত্যার অভিযোগে জিয়াউল আহসানের বিরুদ্ধে একাধিক সাক্ষীর জবানবন্দি ও অন্যান্য তথ্য আদালতে উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ।
এদিকে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিচারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে চিফ প্রসিকিউটর জানান, দলটির বিরুদ্ধে তদন্ত চলমান রয়েছে।