রাজধানীর বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ

রাজধানীর বিএনপি বাজারে চাঁদা নিয়ে বিরোধ, প্রতিমন্ত্রীর সামনেই মুখোমুখি দুই পক্ষ

ছবিঃ সংগৃহীত।

রাজধানীর শেরেবাংলা নগরের বিএনপি বাজারে চাঁদা আদায়, ফুটপাত দখল ও প্রভাব বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ ও উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিকেলে বাজার কমিটির কার্যালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এবং ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজের উপস্থিতিতেই এ ঘটনা ঘটে।

বাজারের সমস্যা নিয়ে আয়োজিত বৈঠকে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষ চাঁদা আদায়ের অভিযোগ তোলে। এ সময় কয়েকজন সদস্য বাজারে নেতাদের প্রভাব ও হস্তক্ষেপ কমানোর দাবি জানান। তাদের বক্তব্য, নেতাদের প্রভাব কমলে সাধারণ মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন।

অন্যদিকে, আরেক পক্ষের সদস্যরা অভিযোগ করেন, কিছু ব্যক্তি প্রভাব বিস্তার করলেও সংশ্লিষ্টরা তাদের পরিচয় স্পষ্ট করে বলছেন না। এ সময় কারা এসব কর্মকাণ্ডে জড়িত, তাদের নাম ও রাজনৈতিক পরিচয় প্রকাশ করার কথাও ওঠে। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়।

বৈঠকে বাজারের সামনের সড়ক ও ফুটপাত দখল করে দোকান বসানোর বিষয়েও আলোচনা হয়। এক পক্ষের অভিযোগ, বাজার কমিটি এসব জায়গা দখলমুক্ত রাখতে ব্যর্থ হয়েছে।

জবাবে অন্য পক্ষের সদস্যরা জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসকের নির্দেশে ম্যাজিস্ট্রেট সপ্তাহে দুই দিন অভিযান চালিয়ে অবৈধ দোকানপাট উচ্ছেদ করেন। কিন্তু অভিযান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই আবার দোকান বসানো হয়। ফলে বারবার উচ্ছেদ করেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যাচ্ছে না।

বাজারের সীমানা নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কমিটির এক সদস্যের দাবি, ফুটপাতের নির্দিষ্ট একটি অংশ বাজারের সীমানার মধ্যে পড়লেও সড়কের ওপর বসানো দোকান সরাতে গেলে দোকানিরা সরকারি রাস্তার যুক্তি দেখিয়ে বাধা দেন।

তিনি আরও দাবি করেন, বাইরে বসা দোকানিদের অধিকাংশই বাজারের ব্যবসায়ী। তবে এসব দোকানির কাছ থেকে বাজার কমিটি কোনো ভাড়া আদায় করে না।

বৈঠকে অংশ নেওয়া ব্যক্তিরা বলেন, অতীতে কী হয়েছে, তা নিয়ে বিরোধ না বাড়িয়ে ভবিষ্যতে কীভাবে বাজার ও ফুটপাত দখলমুক্ত রাখা যায়, সেটি নিশ্চিত করা জরুরি। নিয়মিত উচ্ছেদ অভিযান চালানোর পরও কেন আবার দোকানপাট বসছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

বৈঠক শেষে বাজার ও আশপাশের এলাকা পরিদর্শন করেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

ববি হাজ্জাজ বলেন, ফুটপাত ও সড়ক দখল করে দোকান বসানোর কারণে ক্রেতারা বাজারে আসতে পারছেন না। বেশ কিছুদিন ধরে বাজারের ব্যবসায়িক পরিস্থিতিও খারাপ। ব্যবসায়ীরা মন্দার মধ্যে রয়েছেন। অন্যদিকে সড়ক ও ফুটপাত দখলের কারণে স্থানীয় বাসিন্দারা নাগরিক ভোগান্তিতে পড়ছেন। জনপ্রতিনিধি হিসেবে এসব সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া তার দায়িত্ব।

তিনি বলেন, সামনে আরও একটি বড় সমস্যা রয়েছে। একটি গোষ্ঠী সড়কে নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করছে। বিভিন্ন জায়গায় এমন ঘটনা ঘটেছে এবং সরকার কঠোরভাবে তা মোকাবিলা করেছে।

প্রতিমন্ত্রীর ভাষ্য, বাজারের ভেতরে সুশৃঙ্খল পরিবেশ থাকলে দুষ্কৃতকারীদের সেখানে ঢুকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানো কঠিন হবে। কিন্তু সড়ক ও ফুটপাত দোকানপাটে দখল হয়ে থাকলে মোটরসাইকেলে এসে অপরাধ করে দ্রুত পালিয়ে যাওয়ার সুযোগ তৈরি হয়।

তিনি আরও বলেন, নাগরিক সমস্যা সমাধানের পাশাপাশি নিষিদ্ধ একটি গোষ্ঠীর নাশকতামূলক তৎপরতা প্রতিরোধেও এ উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য এলাকাবাসী, বাজার মালিক সমিতি এবং ফুটপাতে ব্যবসা করা ব্যক্তিদের সঙ্গে সমন্বয় করে সমাধানের চেষ্টা চলছে।

ববি হাজ্জাজ বলেন, বাজার কমিটির সঙ্গে আলোচনায় সিদ্ধান্ত হয়েছে, সিটি করপোরেশন ও প্রশাসন ফুটপাত দখলমুক্ত করে দিলে বাজার কমিটির সদস্যরা নিয়মিত নজরদারি করবেন। যাতে পুনরায় সেখানে অবৈধ দোকান বসতে না পারে।

একই সঙ্গে ফুটপাতের দোকানিদের জন্য বাজারের ভেতরে বিকল্প জায়গার ব্যবস্থা করা যায় কি না, সে বিষয়েও বাজার কমিটির সহযোগিতা চাওয়া হয়েছে।