উদ্বোধনী ফলকে স্ত্রীর নাম দেখে অনুষ্ঠানস্থল ছাড়লেন বিভাগীয় কমিশনার

উদ্বোধনী ফলকে স্ত্রীর নাম দেখে অনুষ্ঠানস্থল ছাড়লেন বিভাগীয় কমিশনার

ছবিঃ সংগৃহীত।

নরসিংদীর শিবপুরে একটি উদ্বোধনী ফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম দেখে সেটি উদ্বোধন না করেই অন্য অনুষ্ঠানে চলে যান ঢাকা বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. মনিরুজ্জামান মিয়া। পরে ফলক থেকে স্ত্রীর নাম সরানোর নির্দেশ দেন তিনি।

স্থানীয় সূত্রে জানা গেছে, শিবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যানের জন্য বরাদ্দ করা প্রথম গাড়িটি (বর্তমানে পরিবর্তিত) ইতিহাসের স্মারক ও ঐতিহ্যের নিদর্শন হিসেবে সংরক্ষণের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। এ উদ্দেশ্যে গাড়িটি রাখার জন্য একটি চত্বর নির্মাণ করা হয়।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, নরসিংদী জেলা সফরের অংশ হিসেবে বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর শিবপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিভাগীয় কমিশনারের। একই সঙ্গে ওই চত্বরে ‘ঐতিহ্য’ নামের উদ্বোধনী ফলক উন্মোচনেরও কথা ছিল তার।

তবে ফলকে নিজের নামের পাশে স্ত্রীর নাম লেখা দেখে সেটি উদ্বোধন না করেই অন্য একটি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে চলে যান তিনি। এ সময় ফলক থেকে স্ত্রীর নাম সরিয়ে ফেলার নির্দেশ দেন বিভাগীয় কমিশনার।