সোনারগাঁয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সভা
ছবি: সংগৃহীত
মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাস, চাঁদাবাজি ও যানজট নিয়ন্ত্রণসহ সোনারগাঁয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও স্থানীয় জনগণকে সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকালে সোনারগাঁ উপজেলা পরিষদের সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত। এতে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান।
সভায় উপজেলার বিভিন্ন এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ, কিশোর গ্যাংয়ের তৎপরতা প্রতিরোধ, সড়কে যানজট কমানো এবং জননিরাপত্তা জোরদারের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেন, সোনারগাঁয়ের মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ জীবনযাপন নিশ্চিত করাই সবার দায়িত্ব। এ জন্য প্রশাসন, জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদার করতে হবে। মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির মতো অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে।
তিনি বলেন, কোনো অপরাধী যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকতে হবে। বিশেষ করে তরুণদের মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে সামাজিকভাবেও উদ্যোগ নেওয়ার আহŸান জানান তিনি।
সভায় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকার, সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় আলোচিত বিষয়গুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।