যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ

যোগ্য প্রার্থীকে নিয়োগ না দিলে কমিটি বাতিল, এমপিও স্থগিতের নির্দেশ

ছবিঃ সংগৃহিত।

আইনবহির্ভূতভাবে নিয়োগে বাধা দিলে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এক্ষেত্রে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত করার নির্দেশনা দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) হাইকোর্টের বিচারপতি কে এম হাফিজুল আলম ও বিচারপতি মুরাদ-এ-মওলা সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই রায় দেন। অধ্যক্ষ পদে এক নিয়োগ প্রার্থীর রিটে জারি করা রুল খারিজ করে দিয়ে এ নির্দেশ দেন আদালত।

আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়া। কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ রাফিউল ইসলাম। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন এবং সহকারী অ্যাটর্নি জেনারেল মো. হুমায়ুন হোসেন তুহিন, ফারহানা আবেদিন ও শারমিন হামিদ।

কিশোরগঞ্জের হোসেনপুর কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা ইনস্টিটিউটের অধ্যক্ষ নিয়োগ পরীক্ষায় বিধি মোতাবেক অংশগ্রহণ করে লিখিত ও মৌখিক- উভয় পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন মো. জাহাঙ্গীর আলম। কিন্তু ম্যানেজিং কমিটি কোরাম সংকটের অজুহাত দেখিয়ে তাকে নিয়োগ না দেওয়ায় ২০১৯ সালে রিট দায়ের করেন জাহাঙ্গীর আলম।

এরপর রুল জারি করেন হাইকোর্ট। দীর্ঘ শুনানি শেষে আদালত রুল খারিজ করে রায় দেন। রায়ে বলেন, ম্যানেজিং কমিটি বা গর্ভর্নিং বডির বিরুদ্ধে রিট রক্ষণীয় নয়।

ডেপুটি অ্যাটর্নি জেনারেল মো. জে আর খান রবিন জানান, আদালত কয়েকটি নির্দেশনা দিয়েছেন। সেগুলো হলো-

কোনো আবেদনকারী আইনানুগ প্রক্রিয়ায় কোনো স্কুল বা কলেজে নিয়োগের জন্য যোগ্য বিবেচিত হলে ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা ওই কমিটির সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কোনো যৌক্তিক কারণ ছাড়া তাকে নিয়োগ থেকে বঞ্চিত করতে পারবেন না।

কোনো যোগ্য আবেদনকারীকে অযৌক্তিকভাবে নিয়োগ থেকে বঞ্চিত করা হলে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি, গভর্নিং বডি অথবা ওই কমিটির সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে আদালত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন।

এ ধরনের আইনবহির্ভূত কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডি বাতিল এবং সংশ্লিষ্ট শিক্ষকের এমপিও স্থগিত করাসহ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টিও আদালতের রায়ে উল্লেখ করা হয়েছে।