উত্তরা ইউনিভার্সিটিতে ১৬ দিনের এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার শুরু
সংগৃহীত
শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ, ক্যাম্পাসের পরিবেশ, শিক্ষকদের সঙ্গে পরিচিতি এবং বিভিন্ন একাডেমিক সুবিধা সম্পর্কে ধারণা দিতে এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার (স্প্রিং ২০২৭) আয়োজন করেছে উত্তরা ইউনিভার্সিটি। ‘ফিউচার ইজ ইয়োরস’ প্রতিপাদ্যে ১৬ দিনব্যাপী এ মেলা চলবে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের স্মার্ট ক্যাম্পাসের মাল্টিপারপাস হলে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন উত্তরা ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা।
উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. ইয়াসমীন আরা লেখা বলেন, ‘ফিউচার ইজ ইয়োরস’ প্রতিপাদ্যটি মানসম্মত শিক্ষা, ব্যবহারিক জ্ঞান এবং ক্যারিয়ার গড়ার সুযোগের মাধ্যমে একটি উজ্জ্বল ভবিষ্যৎ নির্মাণে উত্তরা ইউনিভার্সিটির অঙ্গীকারেরই প্রতিফলন। আমরা শিক্ষার্থী ও অভিভাবকদের আমাদের ক্যাম্পাসে আসার, বিদ্যমান সুযোগ-সুবিধাগুলো ঘুরে দেখার এবং একসঙ্গে বড় কিছু অর্জনের পথে প্রথম পদক্ষেপ নেওয়ার জন্য আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।
তিনি আরো বলেন, আমি অভিভাবকদের বলব, আপনারা আমাদের ইউনিভার্সিটির সবকিছু জানবেন। যেকোনো প্রয়োজনে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। আমরা আছি আপনাদের সন্তানের পাশে এবং আপনাদের পরামর্শ দেওয়ার পাশাপাশি আপনাদের পরামর্শও নেব।
উত্তরা ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য নাবিদ আজিজ বলেন, “ভবিষ্যতের জন্য শিক্ষার্থীদের প্রস্তুত করতে মানসম্মত শিক্ষা, ব্যবহারিক দক্ষতা এবং আধুনিক সুযোগ-সুবিধা দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে উত্তরা ইউনিভার্সিটি। শিক্ষার্থীদের স্বপ্ন পূরণে সক্ষম করে তোলা এবং উচ্চশিক্ষা, গবেষণা ও উদ্ভাবনে নিজেদের একটি শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করাই তাদের লক্ষ্য।”
বিশ্ববিদ্যালয়ের অফিস অব অ্যাডমিশনের পরিচালক কাজী তারেক উল্যাহ বলেন, “এডুকেশন অ্যান্ড অ্যাডমিশন ফেয়ার তাদের একটি ঐতিহ্য। সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিক ও কর্মমুখী শিক্ষার প্রসারে নিরলস কাজ করে যাচ্ছে উত্তরা ইউনিভার্সিটি। স্থায়ী ক্যাম্পাসের মনোরম পরিবেশ, আধুনিক সুযোগ-সুবিধা এবং যুগোপযোগী কারিকুলাম সম্পর্কে নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জানানোই এ আয়োজনের মূল লক্ষ্য। পাশাপাশি একই ছাদের নিচে শিক্ষার্থীদের ভর্তি-সংক্রান্ত সব কার্যক্রম সহজে সম্পন্ন করাও এর উদ্দেশ্য।”
আয়োজকেরা জানান, মেলায় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি স্কুলের অধীনে ১৪টি বিভাগের জন্য পৃথক স্টল রাখা হয়েছে। পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি), রোভার স্কাউটসহ বিভিন্ন ক্লাবের স্টলও রয়েছে। মেলা চলাকালে ভর্তি হওয়া শিক্ষার্থীরা সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত বৃত্তি, তাৎক্ষণিক ভর্তির জন্য ‘ওয়ান-স্টপ সলিউশন’ সেবা এবং আকর্ষণীয় উপহারসামগ্রী পাচ্ছেন।
মেলায় আসা শিক্ষার্থী ও অভিভাবকেরা প্রতিটি স্টলে উপস্থিত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে সরাসরি কথা বলে স্নাতক ও স্নাতকোত্তর প্রোগ্রাম, একাডেমিক সুবিধা, গবেষণার সুযোগ, সহশিক্ষা কার্যক্রম, ক্যাম্পাস সংস্কৃতি এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক শিক্ষার পরিবেশ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে পারছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য, উপদেষ্টা, ট্রেজারার, রেজিস্ট্রার, কন্ট্রোলার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।