প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত

প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত

প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী সিএসই ফেস্ট অনুষ্ঠিত। ছবি: সংগৃহীত।।

প্রযুক্তি, উদ্ভাবন ও সৃজনশীলতার বিকাশে প্রাইম ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘সিএসই ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের উদ্যোগে ২৫ ও ২৬ নভেম্বর এ উৎসবের আয়োজন করা হয়।

উৎসবে শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রযুক্তিভিত্তিক প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রথম দিন ২৫ নভেম্বর অনুষ্ঠিত হয় গেমিং কনটেস্ট, পোস্টার প্রেজেন্টেশন, ট্রেজার হান্ট, এক মিনিটের টেক ভিডিও প্রতিযোগিতা, ব্লিটজ কোডিং চ্যালেঞ্জ ও ফটোগ্রাফি কনটেস্ট। দ্বিতীয় দিন ২৬ নভেম্বর অনুষ্ঠিত হয় প্রজেক্ট শোকেসিং ও প্রোগ্রামিং প্রতিযোগিতা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উৎসবের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্তার (উর্মি)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাইম ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আনোয়ার কামাল পাশা। এ ছাড়া বোর্ড অব ট্রাস্টিজের সদস্য মো. মামুন সোবহান ও ফিরোজ মাহমুদ হোসাইন এবং বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপ-উপাচার্য ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মূল বক্তব্য দেন অ্যানালাইজেন বাংলাদেশ লিমিটেডের সহপ্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক সুমিত সাহা। এতে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী দীন মোহাম্মদ খসরু।

বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার দ্রুত পরিবর্তনের এ সময়ে শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানে সীমাবদ্ধ থাকলে চলবে না। প্রযুক্তির ব্যবহারিক প্রয়োগ, উদ্ভাবনী চিন্তা, দলগত কাজ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনেও গুরুত্ব দিতে হবে।

তাঁরা আরও বলেন, সিএসই ফেস্টের মতো আয়োজন শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা যাচাই, নতুন ধারণা বিনিময় এবং বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ তৈরি করে।

আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তির প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি নতুন উদ্ভাবন ও বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান খুঁজে পেতে উৎসাহিত করবে। একই সঙ্গে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দক্ষ ও আত্মবিশ্বাসী প্রযুক্তিবিদ হিসেবে গড়ে উঠতেও ভূমিকা রাখবে।