হোয়াটসঅ্যাপ আনছে ট্রাভেল ই-সিম, বিদেশ গেলে চালু থাকবে ইন্টারনেট
ফাইল ছবি
বিদেশে ভ্রমণের সময় মোবাইল ইন্টারনেট ব্যবহার সহজ করতে নতুন সুবিধা আনতে যাচ্ছে হোয়াটসঅ্যাপ। ভ্রমণকারীদের জন্য ভ্রমণ ই-সিম সেবা নিয়ে কাজ করছে জনপ্রিয় বার্তা আদান-প্রদানের মাধ্যমটি। এই সুবিধা চালু হলে হোয়াটসঅ্যাপ থেকেই গন্তব্য অনুযায়ী ই-সিম ডেটা পরিকল্পনা খোঁজা, কেনা এবং ফোনে বসানোর সুযোগ মিলতে পারে। এমনকি বিদেশে পৌঁছানোর পর নির্দিষ্ট নেটওয়ার্কের সঙ্গে যুক্ত হলেই ই-সিম নিজে থেকেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সুবিধাটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে এবং কবে এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত হবে, তা নিশ্চিত নয়।
অ্যানড্রয়েড অথরিটির একটি প্রতিবেদন অনুযায়ী, হোয়াটসঅ্যাপের অ্যানড্রয়েড সংস্করণ ২ দশমিক ২৬ দশমিক ৪৭ দশমিক ১০-এর অ্যাপ কোডে ভ্রমণ ই-সিম সংক্রান্ত কিছু তথ্য পাওয়া গেছে। সেই তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, বিদেশ ভ্রমণের সময় মোবাইল ডেটা ব্যবহারের জন্য আলাদা সেবা চালু করতে পারে প্রতিষ্ঠানটি।
সম্ভাব্য এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা যে দেশে ভ্রমণ করবেন, সেই গন্তব্য অনুযায়ী ই-সিম পরিকল্পনা খুঁজে নিতে পারবেন। আঞ্চলিক এবং আন্তর্জাতিক, দুই ধরনের ডেটা পরিকল্পনার বিকল্প থাকতে পারে। নির্দিষ্ট পরিমাণ ডেটা ব্যবহারের প্যাকেজের পাশাপাশি সীমাহীন ডেটা পরিকল্পনাও পাওয়া যেতে পারে বলে ইঙ্গিত মিলেছে।
ই-সিম বসানোর জন্য প্রয়োজনীয় নির্দেশনাও হোয়াটসঅ্যাপের ভেতরেই দেখানো হতে পারে। অ্যানড্রয়েডের ই-সিম ইনস্টলেশন ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত হওয়ার সম্ভাবনাও রয়েছে।
এই সুবিধার সবচেয়ে আকর্ষণীয় দিক হতে পারে স্বয়ংক্রিয় সক্রিয়করণ। ব্যবহারকারীরা চাইলে ভ্রমণের আগেই ফোনে ই-সিম বসিয়ে রাখতে পারবেন। এরপর গন্তব্য দেশে পৌঁছে ফোন স্থানীয় মোবাইল নেটওয়ার্ক শনাক্ত করলেই ডেটা পরিকল্পনা সক্রিয় হয়ে যেতে পারে।
ই-সিম ব্যবহারের জন্য প্রস্তুত হলে হোয়াটসঅ্যাপ থেকে বিজ্ঞপ্তি পাঠানোর ব্যবস্থাও থাকতে পারে। এর ফলে বিদেশে পৌঁছে আলাদা করে নেটওয়ার্ক সেটিংস বদলানোর ঝামেলা থাকবে না।
পাশাপাশি প্রতিটি ডেটা পরিকল্পনায় কতটা ইন্টারনেট অবশিষ্ট রয়েছে, কোন প্যাকেজের মেয়াদ শেষ হয়েছে এবং কোনটির মেয়াদ শেষ হওয়ার পথে, সেই তথ্যও অ্যাপের ভেতরেই দেখা যেতে পারে। ডেটা ফুরিয়ে আসার কাছাকাছি পৌঁছালে অথবা প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগে সতর্কবার্তা পাঠানোর সুবিধাও থাকতে পারে।
সম্ভাব্য এই ভ্রমণ ই-সিম সেবা ব্যবহারের জন্য কয়েকটি শর্ত থাকতে পারে। প্রথমত, ব্যবহারকারীর অ্যানড্রয়েড স্মার্টফোনে ই-সিম সমর্থন থাকতে হবে। এর পাশাপাশি ফোনে হালনাগাদ অপারেটিং সিস্টেম এবং নতুন ই-সিম বসানোর জন্য পর্যাপ্ত জায়গা থাকা জরুরি।
যেসব ফোন নির্দিষ্ট মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠানের নেটওয়ার্কে লক করা, সেগুলোতে এই সেবা বসানো সম্ভব নাও হতে পারে।
অ্যাপের কোডে পরিচালনায় বা চালিত সংক্রান্ত একটি ইঙ্গিতও পাওয়া গেছে। এর থেকে ধারণা করা হচ্ছে, হোয়াটসঅ্যাপ কোনো বাইরের ই-সিম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করতে পারে। তবে সেই প্রতিষ্ঠানের নাম এখনো জানা যায়নি।
হোয়াটসঅ্যাপ এখনো ভ্রমণ ই-সিম সেবা নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু ঘোষণা করেনি। কবে সুবিধাটি চালু হবে, কোন কোন দেশে পাওয়া যাবে কিংবা ডেটা পরিকল্পনার খরচ কত হবে, সে বিষয়েও কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
যেহেতু সুবিধাটি এখনো উন্নয়নের পর্যায়ে রয়েছে, তাই চূড়ান্ত রূপে একাধিক পরিবর্তন আসতে পারে। এমনকি পরীক্ষা শেষ হওয়ার পরও এটি সাধারণ ব্যবহারকারীদের জন্য চালু হবে কি না, তা নিশ্চিত নয়। তবে সেবাটি কার্যকর হলে বিদেশে ভ্রমণের সময় ইন্টারনেট সংযোগ পাওয়ার প্রক্রিয়া অনেকটাই সহজ হতে পারে।