মমেক হাসপাতালে ডেঙ্গুতে আরো ২ জনের মৃত্যু
প্রতিকী ছবি
ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরো দুই জন মারা গেছেন। এ নিয়ে জেলায় মশাবাহিত রোগটিতে মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৪৪ জনে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) মাইনউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করেছেন।
মারা যাওয়ারা হলেন- জেলার তারাকান্দা উপজেলার মিরাজ আলীর মেয়ে ফাতেমা (৪০) এবং নান্দাইল উপজেলার মালেকা (৮৫)।
মাইনউদ্দিন খান জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ২১ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়েছেন হাসপাতালে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন ৭২ জন। তাদের মধ্যে পুরুষ ৪৯ জন, নারী ১৫ জন ও শিশু ৮ জন। বর্তমানে চিকিৎসাধীন রোগীদের অধিকাংশের অবস্থা স্থিতিশীল।
তিনি আরো জানান, চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৫ হাজার ৬৭১ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।