রংপুরে প্রেসক্লাব মার্কেটের সামনে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ

রংপুরে প্রেসক্লাব মার্কেটের সামনে ককটেলসদৃশ বস্তু নিক্ষেপ

ছবি: সংগৃহীত

 

রংপুর নগরীর প্রেসক্লাব বিপণি বিতান মার্কেটের সামনে থেকে একটি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল। রবিবার সাড়ে ১১টার দিকে বস্তুটি উদ্ধার করা হয়।
 
প্রত্যক্ষদর্শী পত্রিকা বিক্রেতারা জানান, সকাল ৭টার দিকে চলন্ত মোটরসাইকেল থেকে প্রেসক্লাব মার্কেটের প্রধান ফটকের দিকে বস্তুটি ছুড়ে ফেলা হয়। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি) ও স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রাখেন। পরে এসআরবি-১৩-এর বোমা নিষ্ক্রিয়কারী দল বস্তুটি পরীক্ষার জন্য নিয়ে গেছেন।
 
আরপিএমপির উপকমিশনার সনাতন চক্রবর্তী জানান, ‘একটি মোটরসাইকেলে আসা দুজন ব্যক্তি এখানে একটি বস্তু রেখে চলে গেছেন। এরপর আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে বস্তুটি নিরাপত্তার আওতায় নিয়ে আসি। এসআরবির একটি নিয়মিত টহল দলও ঘটনাস্থলে এসেছে। বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট পরীক্ষার জন্য বস্তুটি নিযে গেছে। এখন পর্যন্ত তারা কিছুই জানায়নি।’