নাঙ্গলকোটে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নে কর্মশালা
ছবি: সংগৃহীত
পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগ অবকাঠামো গড়ে তুলতে কুমিল্লার নাঙ্গলকোটে গ্রামীণ সড়কের মাস্টারপ্ল্যান প্রণয়নবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে সড়কের কোর রোড নেটওয়ার্ক নির্ধারণ, গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, অগ্রাধিকার নির্ধারণ এবং তথ্য-উপাত্ত যাচাই-বাছাইয়ের বিষয়ে আলোচনা করা হয়।
রবিবার (২৯ নভেম্বর) নাঙ্গলকোট উপজেলা পরিষদের মিনি হলরুমে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন (জিআইএসভিত্তিক) প্রকল্পের আওতায় এ কর্মশালার আয়োজন করা হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু রায়হান। উপজেলা প্রকৌশলী অহিদুল ইসলাম শিকদারের সঞ্চালনায় বক্তব্য দেন বেটসের জিআইএস স্পেশালিস্ট প্রকৌশলী আব্দুল্লাহ আল নূর, নাঙ্গলকোট উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মনিরুল ইসলাম মনির, নাঙ্গলকোট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কেফায়েত উল্লাহ মিয়াজী ও পৌরসভার সার্ভেয়ার রবিউল হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নোমান ইবনে হাফিজ, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল হোসেন, পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ জাকারিয়া, মাধ্যমিক শিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার আনিসুর রহমান, নাঙ্গলকোট প্রেসক্লাবের সভাপতি মাঈন উদ্দিন দুলাল, উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব কামারুজ্জামান টিটু, যুগ্ম আহ্বায়ক আব্দুল মমিন, অহিদুল ইসলাম ও কাজী ফয়সালসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
কর্মশালায় গ্রামীণ সড়কের বিদ্যমান অবস্থা পর্যালোচনা, গুরুত্বপূর্ণ সড়ক চিহ্নিতকরণ, যোগাযোগব্যবস্থার উন্নয়নে অগ্রাধিকার নির্ধারণ এবং নির্ভুল তথ্য-উপাত্ত সংগ্রহ ও যাচাইয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব কার্যক্রমের মাধ্যমে পরিকল্পিত ও টেকসই গ্রামীণ যোগাযোগ অবকাঠামো উন্নয়নে কার্যকর মাস্টারপ্ল্যান প্রণয়নের প্রত্যাশা ব্যক্ত করা হয়।