নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার

নাশকতার মামলায় ব্রাহ্মণবাড়িয়ার যুবলীগ নেতা ঢাকায় গ্রেফতার

প্রতিকি ছবি

 

নাশকতার একাধিক মামলায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মহসিন খন্দকারকে (৪৫) রাজধানী ঢাকা থেকে গ্রেফতার করেছে এসআরবি-১০। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে রাজধানীর মালিবাগের চৌধুরীপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়।

এসআরবির আইন ও গণমাধ্যম শাখা থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মহসিন খন্দকার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক। তাঁর বিরুদ্ধে নাশকতার অভিযোগে একাধিক মামলা রয়েছে। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁকে আইনের আওতায় আনা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল আলম জানান, সদর থানা পুলিশের দেওয়া তথ্য-উপাত্তের ভিত্তিতে এসআরবি-১০-এর একটি আভিযানিক দল শনিবার দুপুরে ঢাকার মালিবাগের চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে মহসিন খন্দকারকে গ্রেফতার করে। পরে তাঁকে ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসতে পুলিশের একটি দল ঢাকায় পাঠানো হয়। রবিবার (২৯ নভেম্বর) ভোর ৫টার দিকে তাঁকে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় আনা হয়।

ওসি আরও জানান, মহসিন খন্দকারের বিরুদ্ধে থানায় নাশকতার একাধিক মামলা ছাড়াও একটি সাজা পরোয়ানা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।