সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেফতার দেখাল পুলিশ

সাবেক এসবি প্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে গ্রেফতার দেখাল পুলিশ

ছবি: সংগৃহীত

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় পুলিশের বিশেষ শাখার (এসবি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলামের স্ত্রী সায়লা ফারজানা এবং তার দুই শ্যালককে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

রবিবার ভোরে তাদের গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

এ তথ্য নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম।

তিনি জানান, বিমানবন্দর থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় সায়লা ফারজানাকে গ্রেফতার দেখানো হয়েছে। একই মামলায় তার দুই ভাইকেও গ্রেফতার দেখানো হয়েছে।

এর আগে, রবিবার ভোরে মিরপুর ডিওএইচএস এলাকা থেকে সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানা এবং মিরপুর ১৫ নম্বরের বিজয় রাকিন সিটি থেকে তার দুই ভাই রেজাউল আলম শাহীন ও বুলবুল মিয়া মামুনকে গ্রেফতার করে ডিবি।

সপ্তদশ বিসিএসের মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেওয়া সায়লা ফারজানার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা রয়েছে বলেও জানান ডিএমপির ডিবি প্রধান শফিকুল ইসলাম।

গত ১৫ অক্টোবর সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম, তার স্ত্রী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব সায়লা ফারজানাসহ চারজনের নামে থাকা ৮৩টি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ দেন আদালত। এসব ব্যাংক হিসাবে তাদের নামে মোট ১৯ কোটি ৫৩ লাখ ৭২ হাজার ৩১৯ টাকা রয়েছে।

ব্যাংক হিসাব অবরুদ্ধ করা অন্য দুজন হলেন মনিরুল ইসলামের শ্যালক ব্যবসায়ী রেজাউল আলম শাহীন ও তার স্ত্রী সানজিদা খান টুম্পা।