আলিয়ার কাছে বাড়ি বিক্রি করে ভাড়া থাকেন অনুপম খের
ফাইল ছবি
নিজের বাড়ি থাকার স্বপ্ন অনেকেরই। তবে বলিউড অভিনেতা অনুপম খেরের ভাবনা কিছুটা আলাদা। নিজের বাড়ি থাকার চেয়ে ভাড়া বাসায় থাকতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি। এতে সম্পত্তি দেখাশোনা কিংবা রক্ষণাবেক্ষণ নিয়ে বাড়তি চিন্তা করতে হয় না বলে মনে করেন অভিনেতা। প্রায় ১০ বছর আগে ভাড়া বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এ বিষয়ে কথা বলেছেন অনুপম।
সাংবাদিক ভারতী প্রধানের ইউটিউব চ্যানেল ‘দ্য আনফিল্টারড আওয়ার’-এ আলাপচারিতায় অনুপম জানান, নিজের বাড়ি থাকা নিয়ে তার বিশেষ কোনো আগ্রহ নেই। সম্পত্তি কেনা, দেখাশোনা কিংবা ব্যবস্থাপনার ঝামেলা থেকে মুক্ত থাকতে চান তিনি।
অভিনেতা বলেন, ‘যেদিন থেকে ভাড়া বাসায় থাকার সিদ্ধান্ত নিয়েছি, সেদিন থেকেই নিজেকে অনেকটা মুক্ত মনে হয়েছে। প্রায় ১০ বছর আগে এই সিদ্ধান্ত নিয়েছিলাম।
সম্পত্তি নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, কোনো কিছু দেখাশোনারও ঝামেলা নেই। মায়ের জন্য শুধু শিমলায় একটি বাড়ি কিনেছিলাম। আমার ভাই ও আমি দুজনই ভাড়া বাসায় থাকি এবং এতে আমরা ভালো আছি।’
একসময় নিজের একটি বাড়ি ছিল অনুপমের। পরে সেটি বলিউড অভিনেত্রী আলিয়া ভাটের কাছে বিক্রি করে দেন তিনি।
এরপর অন্য একটি বাড়িতে ওঠেন। একই সময়ে তার স্ত্রী কিরণ খের সংসদ সদস্য নির্বাচিত হয়ে চণ্ডীগড়ে চলে যান। নতুন বাড়ি খোঁজার সময়ই ভাড়া বাসায় থাকার সিদ্ধান্ত নেন অনুপম।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার যখন বাড়ি ছিল, সেটি আলিয়া ভাটের কাছে বিক্রি করে দিয়েছিলাম। এরপর আমরা অন্য একটি বাড়িতে উঠি। সেই সময় কিরণ সংসদ সদস্য হওয়ায় চণ্ডীগড়ে চলে যায়। আমি নতুন বাড়ি খুঁজছিলাম। তখন বুঝতে পারি, ভাড়া বাসাতেই থাকতে পারি।’
সাক্ষাৎকারে নিজের সম্পদ নিয়েও কথা বলেছেন এই অভিনেতা। বিভিন্ন ওয়েবসাইটে তার মোট সম্পদের পরিমাণ ৪০০ থেকে ৫০০ কোটি রুপি বলে উল্লেখ করা হয়। তবে এমন তথ্য সঠিক নয় বলে জানিয়েছেন তিনি।
অনুপমের ভাষ্য, ‘মানুষের ধারণা, আমি অনেক ধনী। গুগলে আমার সম্পদের পরিমাণ খুঁজলে অবাক হতে হয়। কখনো কখনো মনে হয়, এসব তথ্যের জন্য মামলা করি। ৪০০-৫০০ কোটি রুপির ১০ শতাংশও আমার নেই।’
অভিনেতা আরো জানান, ভাড়া বাসায় থাকলেও জীবনযাপনের আরাম-আয়েশে ছাড় দিতে চান না তিনি। ভালো রেস্তোরাঁয় খাওয়া, স্বাচ্ছন্দ্যে ভ্রমণ এবং ভালো হোটেলে থাকা পছন্দ করেন। তার মতে, জীবন উপভোগ করার জন্য নিজের নামে বাড়ি থাকা জরুরি নয়।
কাজের ক্ষেত্রে সম্প্রতি নীতেশ তিওয়ারি পরিচালিত ‘রামায়ণ’ সিনেমায় জটায়ুর কণ্ঠ দিয়েছেন অনুপম খের। সামনে সুরজ বরজাতিয়া পরিচালিত ‘ইয়ে প্রেম মোল লিয়া’ সিনেমায় দেখা যাবে তাকে। এতে আরো অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা ও শারভরি।