পাকিস্তানি সিরিজের মুক্তি নিয়ে নেটফ্লিক্সকে বিক্ষোভের হুমকি
ফাইল ছবি
ভারতে পাকিস্তানি সিরিজের মুক্তি নিয়ে নতুন করে বিতর্ক শুরু হয়েছে। নেটফ্লিক্সে পাকিস্তানি সিরিজ ‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ মুক্তির বিরোধিতা করে এবার বিক্ষোভের হুমকি দিয়েছে অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (এআইসিডব্লিউএ)।
আগামী ৪ ডিসেম্বর সিরিজটি মুক্তির কথা রয়েছে
সিরিজটির মুক্তি বন্ধের দাবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছে সংগঠনটি। একই সঙ্গে নেটফ্লিক্সের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এআইসিডব্লিউএ জানায়, ভারতে সিরিজটির মুক্তি ও প্রচারণা অবিলম্বে বন্ধ করতে হবে।
সরকারি নির্দেশনা না মানার অভিযোগ তুলে নেটফ্লিক্স ইন্ডিয়ার কার্যক্রম নিষিদ্ধ করার দাবিও জানিয়েছে সংগঠনটি। এ ছাড়া দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
এআইসিডব্লিউএর দাবি, শুধু সিরিজ নয়, ভারতে পাকিস্তানি কনটেন্টের সব ধরনের উৎস বন্ধ করতে হবে। এর মধ্যে পাকিস্তানি তারকাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেলও রয়েছে।
নেটফ্লিক্সকে কনটেন্ট দেওয়া বন্ধ করতে এবং প্ল্যাটফর্মটি বর্জন করতে ভারতীয় বিনোদন অঙ্গনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি।
সিরিজটি ভারতে মুক্তি পেলে নেটফ্লিক্সের কার্যালয়ের সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করার হুঁশিয়ারিও দিয়েছে তারা। পাশাপাশি দর্শকদের নেটফ্লিক্সের সাবস্ক্রিপশন বাতিলের আহ্বান জানিয়েছে। এআইসিডব্লিউএর পোস্টে বলা হয়েছে, ‘আমাদের সেনাদের আত্মত্যাগ বিক্রির জন্য নয়।’
এর আগে ফেডারেশন অব ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজও (এফডব্লিউআইসিই) সিরিজটির মুক্তি নিয়ে আপত্তি জানিয়েছিল।
নেটফ্লিক্স ভারতে সিরিজটি প্রচার করলে দেশজুড়ে প্ল্যাটফর্মটির বিভিন্ন প্রযোজনার কাজ বন্ধ করে দেওয়ার হুমকি দেয় সংগঠনটি। প্রয়োজনে চলমান প্রকল্প থেকে নিজেদের সদস্যদের সরিয়ে নেওয়ার কথাও জানায় তারা।
এদিকে ভারতের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বৃহস্পতিবার নেটফ্লিক্সকে ২০২৫ সালের পাকিস্তানি কনটেন্টবিষয়ক নির্দেশনা মেনে চলার কথা স্মরণ করিয়ে দিয়েছে। ২০২৫ সালের জুনে নেটফ্লিক্স মন্ত্রণালয়কে জানিয়েছিল, ভারতে তাদের গ্রাহকদের জন্য পাকিস্তানে নির্মিত কোনো চলচ্চিত্র বা সিরিজ প্রচার করা হয়নি। সাম্প্রতিক চিঠিতে সেই অবস্থান বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
‘জো বাচে হ্যায় সাং সামেট লো’ নেটফ্লিক্সের প্রথম পাকিস্তানি অরিজিনাল সিরিজ। পাকিস্তানি লেখক ফারহাত ইশতিয়াকের ২০১৩ সালে প্রকাশিত একই নামের জনপ্রিয় উর্দু উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে এটি। ছয়টি প্রেমের গল্প নিয়ে তৈরি সিরিজটির পরিচালনা ও প্রযোজনায় রয়েছেন মোমিনা দুরাইদ।
এতে অভিনয় করেছেন ফাওয়াদ খান, মাহিরা খান, সানাম সাঈদ, আহাদ রাজা মীর, ইকরা আজিজ, হানিয়া আমির ও হামজা আলি আব্বাসি।