১৮ বছর পর একসঙ্গে অক্ষয়-গোবিন্দ-পরেশ

১৮ বছর পর একসঙ্গে অক্ষয়-গোবিন্দ-পরেশ

ফাইল ছবি

টানা ১৮ বছর পর একসঙ্গে বড় পর্দায় ফিরছেন অক্ষয় কুমার, গোবিন্দ এবং পরেশ রাওয়াল। সৌজন্যে ‘ভাগাম ভাগ ২’। বেশ কয়েকদিন ধরেই বলিউডে গুঞ্জন, ফের একসঙ্গে গোবিন্দ-অক্ষয়-পরেশ রসায়ন মিলবে পর্দায়। এবার আনুষ্ঠানিকভাবে এই খবরে সিলমোহর পড়লো।

২০০৬-এ মুক্তি পেয়েছিল দমফাটা কমেডি মুভি ‘ভাগাম ভাগ’। দেখতে দেখতে ১৮ বছর পার। এত বছর পরও ছবিটির জনপ্রিয়তা বিন্দুমাত্র ফিকে হয়নি। বরং টিভিতে এই সিনেমা দেখানো হলেই আজও হিন্দি সিনেমার দর্শকরা চেয়ে থাকেন অপলক।

বড় পর্দায় ‘ভাগাম ভাগ ২’-এর খবর নিশ্চিত হতেই খুশির হাওয়া বইছে অন্তর্জালে।

কৌতুকে ভরপুর অক্ষয়, গোবিন্দ ও পরেশের অভিনয় দর্শককে বিনোদন দিয়েছিল শতভাগ। আরো একবার কমেডি মুভির স্বাদ নিতে অপেক্ষায় দর্শক। বক্স অফিসে ছবিটি ভালোই ব্যবসা করেছিল। এই ত্রয়ীর নতুন রসায়ন দেখার জন্য ভক্তরাও দীর্ঘদিন অপেক্ষা করেছিলো। দীর্ঘ ১৮ বছর পর সেই অপেক্ষার অবসান হতে চলেছে। ‘ভাগাম ভাগ ২’-এর খবরে সেই প্রত্যাশা পূরণ হলো সিনেপ্রেমীদের। 

সম্প্রতি অক্ষয় কুমারকে দেখা গেছে ‘সিংহাম অ্যাগেইন’-এ। তবে বক্স অফিসে সেভাবে আসর জমাতে পারেনি রোহিত শেঠির এই ছবি। গোবিন্দ, পরেশকে সঙ্গে নিয়ে ‘ভাগাম ভাগ ২’-এ অক্ষয়ের ভাগ্যের ফুল ফোটে কিনা, এখন সেটাই দেখার পালা।

অন্যদিকে গত একমাসের মধ্যে দুবার বিপদ এসেছে গোবিন্দর জীবনে। নিজের বন্দুক থেকে পায়ে গুলি লেগে ১০টি সেলাই নিতে হলো। এরপর ভোটের প্রচারের মাঝে অসুস্থ হয়ে পড়েন তিনি।