লেবাননে মুহুর্মুহু ইসরায়েলি হামলা, ৬ চিকিৎসাকর্মী নিহত

লেবাননে মুহুর্মুহু ইসরায়েলি হামলা, ৬ চিকিৎসাকর্মী নিহত

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজা ভূখণ্ডের পাশাপাশি লেবাননে ইরানপন্থী সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। বিমান হামলার পাশাপাশি স্থল অভিযানও চালাচ্ছে দখলদার দেশটি। সর্বশেষ লেবাননের উত্তর-পূর্ব এলাকায় ইসরায়েলি বিমান হামলায় হাসপাতালের এক পরিচালক এবং দক্ষিণে পাঁচজন প্যারামেডিক নিহত হয়েছেন।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল তাদের চিকিৎসাকর্মীদের লক্ষ্যবস্তু করে হত্যাকাণ্ড চালাচ্ছে। এছাড়া স্বাস্থ্যব্যবস্থা ধ্বংস করার জন্য ‘সিরিজ যুদ্ধাপরাধ’ করছে।

গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস ইসরায়েলে হামলা চালায়। এতে ১ হাজার ১৩৯ জন নিহত হয়। জিম্মি করা হয় দুই শতাধিক মানুষকে।

হামাসের হামলার জবাবে ওই দিন থেকেই অবরুদ্ধ গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল। ২৩ লাখ বাসিন্দার এই উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৪ হাজার ৫৬ জনে। আহতের সংখ্যা বেড়ে হয়েছে এক লাখ চার হাজার ২৮৬ জনে।

গাজার পাশাপাশি লেবাননেও ব্যাপক হামলা চালাচ্ছে ইসরায়েল। গত বছরের ৭ অক্টোবর গাজায় যুদ্ধ শুরুর পর লেবাননে মাঝেমধ্যে হামলা চালালেও মাসখানেকের বেশি সময় ধরে লেবাননে হামলা জোরদার করেছে ইসরায়েল। চালাচ্ছে স্থল অভিযানও।

গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লেবাননে ইসরায়েলি হামলায় এ পর্যন্ত ৩৬৪৫ জন নিহত এবং ১৫ হাজার ৩৫৫ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে অর্ধেকের বেশি নারী ও শিশু।