গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে নিহত ১ আহত ১
প্রতিকী ছবি
গাজীপুরের টঙ্গীতে ভাড়াবাসার মেঝের নিচে থাকা সেপটিক ট্যাংক বিস্ফোরণে ভাইয়ের মৃত্যু এবং বোন আহত হয়েছে। রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১০টায় টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী সড়কের চারতলা একটি বাড়িতে এ ঘটনা ঘটে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইস্কেন্দার হাবিবুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে হাবিবুল্লাহ (১৯) নামে একজনের মৃত্যু হয়। তার বোন জান্নাতি (১৩) আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
নিহত তরুণ হাবিবুল্লাহ (১৯) শরীয়তপুর জেলার সখিপুর উপজেলার বাহেরচর কদমতলী গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি টঙ্গীর আউচপাড়ার মোল্লাবাড়ী এলাকার ওই ভাড়াবাসায় পরিবারের সঙ্গে থাকতেন। তিনি নরসিংদীর একটি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী ছিলেন।
স্থানীয়রা জানান, টঙ্গীর আউচপাড়া মোল্লাবাড়ি এলাকায় চারতলা ভবনের মালিক বর্তমানে অস্ট্রেলিয়া প্রবাসী। তিন ইউনিটের ওই বাসার নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর তিন কক্ষের একটি ইউনিট রয়েছে। নিহত হাবিবুল্লাহ ওই ইউনিটেই ভাড়া থাকতেন। রবিবার রাত ১০টার দিকে হঠাৎ বাসার মেঝের নিচের সেপটিক ট্যাংকটিতে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে।
এ সময় বাসার মেঝে ধসে বিভিন্ন জিনিসের আঘাতে হাবিবুল্লাহ গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।
টঙ্গী ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ কর্মকর্তা শাহিন আলম বলেন, ‘সেপটিক ট্যাংকের বাইপাস লাইন না থাকায় বিস্ফোরণের ঘটনা ঘটে।’
টঙ্গী পশ্চিম থানার ওসি বলেন, ‘এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। তবে কেউ যদি গাফিলতির অভিযোগ করেন তবে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’