পাগলা মসজিদের দানবাক্সে টাকা-স্বর্ণালংকারের মাঝে পাওয়া ‘চিরকুট’ ভাইরাল
ফাইল ছবি
কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স খুললেই মেলে কোটি কোটি টাকা, বিপুল স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রা। এছাড়া অনেকেই নিজেদের মনের বাসনা ও চাওয়া-পাওয়ার কথা লিখে চিরকুট ফেলেন দানবাক্সে। এবারও এমনই একটি ‘অন্যরকম’ চিরকুট পাওয়া গেছে।
শনিবার পাগলা মসজিদের ১০টি দানবাক্স ও একটি ট্যাংক থেকে রেকর্ড ৮ কোটি ২১ লাখ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালংকার পাওয়া গেছে। সেই সঙ্গে পাওয়া গেছে সৌদি নাগরিককে জীবনসঙ্গী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা উল্লেখ করে লেখা একটি চিরকুট।
নাম-পরিচয়হীন ঐ চিরকুটে লেখা-
‘আসসালামু আলাইকুম,
প্রিয় পাগলা মসজিদ,
আমি একজন সৌদিয়ানকে ভালোবাসি। হে মহান আল্লাহ তুমি তাদের আমার করে দাও। আমি যেন তাকে বিবাহ করিতে পারি। (সুম্মা আমিন)। হে আমার রব, তুমি আমাকে খালি হাতে ফিরিয়ে দিও না। হে রব, তুমি আমাকে নবীর দেশে-পবিত্র মাটিতে জন্মগ্রহণ করার সৌভাগ্য দিয়েছ, আমি যেন আবার সেই সৌভাগ্য নিয়ে তোমার পবিত্র মাটিতে মৃত্যুবরণ করিতে পারি। (আমিন)। আমি যেন পড়ালেখাই ভালো হতে পারি, আমার পরিবারে যেন শান্তি বয়ে আসে। (আমিন) আমি যেন হালাল রুজি রোজগার করিতে পারি (আমিন)। হে রব - হে মহান আল্লাহ তোমার কাছে দুই হাত তুলিয়া চাহিতেছি তুমি আমাকে মক্কাবাসীর ভালো এক উত্তম, দ্বীনি সুদর্শন লোকের সহিত বিবাহ করিয়ে দাও (আমিন।) যে, আমার চিঠিখানা পড়িয়াছেন আমাদের জন্য দোয়া করবেন, নেক আশা করিয়া চিঠিখানা লিখেছি।
ইতি তোমার পাপী বান্দা।’
এর আগে, ১৭ আগস্টও একটি চিরকুট পাওয়া যায় পাগলা মসজিদের দান বাক্সে। সেখানে একজন প্রেমিকা মুসলিম হয়েও খ্রিস্টান ছেলেকে জীবনসঙ্গী করে পেতে চিঠি লেখেন। তারও আগে, ২০ এপ্রিল সাইফুল ইসলামের নামে এক প্রেমিক চিঠি লিখে পাঠান দানবাক্সে।