ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের

ঢাকা ও তেহরানের মধ্যে সরাসরি ফ্লাইটের প্রস্তাব ইরানের

সংগৃহীত ছবি

জাতীয় সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইরানের রাষ্ট্রদূত ড. জলিল রাহিমী জাহানাবাদী। 

সোমবার জাতীয় সংসদে স্পিকারের সঙ্গে বৈঠক করেন তিনি।

 এই বৈঠকে স্পিকার ইরানের সংসদের সঙ্গে বাংলাদেশের সংসদের নিবিড় সম্পর্ক স্থাপনে দুই দেশের সংসদীয় টিম গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। ইরানিদের বীরের জাতি হিসেবে উল্লেখ করে যুদ্ধের সময় ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সাহসী ভূমিকার প্রশংসা করেন হাফিজ উদ্দিন আহমদ। দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধি ও অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্র প্রসারিত হলে উভয় দেশই উপকৃত হবে বলে তিনি মনে করেন।

বৈঠকে ইরানের রাষ্ট্রদূত ঢাকা-তেহরান সরাসরি ফ্লাইট চালু করতে স্পিকারের সহযোগিতা কামনা করেন। সেই সঙ্গে বাংলাদেশে ইরানের বাণিজ্য-বিনিয়োগ ১ বিলিয়ন ডলারে উন্নীত করার আশাবাদ ব্যক্ত করেন। একইসঙ্গে ইরানের বিশ্বমানের চিকিৎসা সেবা নিতে বাংলাদেশিদের উৎসাহিত করার অনুরোধ জানান রাষ্ট্রদূত।

তিনি সাশ্রয়ী দামে ইরানের পেট্রোকেমিক্যাল, ইউরিয়া সার ও খাদ্যসামগ্রী বাংলাদেশে রফতানির প্রস্তাব দেন। পাশাপাশি বাংলাদেশের বিশ্বমানের তৈরি পোশাক আমদানিতে তেহরানের গভীর আগ্রহের কথা জানান। ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে বাংলাদেশ জাতীয় সংসদে শোক প্রস্তাব পাস করায় স্পিকারকে বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান রাষ্ট্রদূত।

এ সময় রাহিমী জাহানাবাদী ইরান ও বাংলাদেশের মধ্যকার সাংস্কৃতিক বিনিময় ও শুল্কমুক্ত বাণিজ্য চুক্তি নবায়নে এবং দুই দেশের সংসদীয় সম্পর্ক আরও সুদৃঢ় করতে স্পিকারের সার্বিক সহযোগিতা কামনা করেন।