গাজীপুরে নির্যাতন ও ভূমি দস্যুতা থেকে বাঁচতে এলাকাবাসীর মানববন্ধন
ছবি : সংগৃহীত
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষকে নির্যাতন, মামলা দিয়ে হয়রানি ও ভূমিদস্যুতার অভিযোগে এক আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী।
সোমবার (২ ডিসেম্বর) সকালে কাপাসিয়া উপজেলার বীর উজলী এলাকায় ঢাকা কিশোরগঞ্জ সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন চলাকালে ভুক্তভোগীরা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহজাহান সাজু ক্ষমতার অপব্যবহার ও পুলিশ প্রশাসনকে ব্যবহার করে নিরীহ মানুষকে নির্যাতন, মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানি ও জায়গা-জমি জবর দখল করেছেন। এ ব্যাপারে অন্তত ৫০টি ভুক্তভোগী পরিবার থানায় অভিযোগ দায়ের করলেও অজ্ঞাত কারণে তারা ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। তাই নতুন অন্তর্বর্তী সরকার ও প্রশাসনের কাছে এসব ঘটনার বিচার ও অভিযুক্ত শাজাহান সাজুর শাস্তি দাবি করেন তারা।
এ ব্যাপারে ভুক্তভোগী মনোয়ারা বেগম বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অভিযুক্ত সাজু ও তার লোকজন আমার ছেলে খাইরুলকে বাঁশ দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। এ ব্যাপারে তার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
ভুক্তভোগী হেলাল উদ্দিন বলেন, স্থানীয় চেয়ারম্যানকে সঙ্গে নিয়ে ক্ষমতার অপব্যবহার করে আদালতের ১৪৪ ধারা জারি সত্ত্বেও আমাদের ১০ শতাংশ জমি দখল ও ড্রেন নির্মাণ করেছে। এ ব্যাপারে প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রাণ নাশের হুমকি দিয়েছেন অভিযুক্তরা।