আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধায় তিন দিনব্যাপী ইজতেমা শুরু
ছবি : সংগৃহীত
গাইবান্ধায় তিন দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার ফজরের নামাজের পর আম বয়ানের মধ্য দিয়ে গাইবান্ধার তুলশীঘাটে কাশিনাথ উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে তাবলীগ জামায়াতের আয়োজনে তিন দিনব্যাপী জেলা ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়।
এবছর ইজতেমায় ইসলামী জীবন বিধান ও ধর্মের আলোকে বয়ান করবেন তাবলিগ জামাতের মুরুব্বি ঢাকা থেকে আগত মুফতি মাওলানা আব্দুল্লাহসহ কয়েকজন বিজ্ঞ আলেম। ইজতেমা উপলক্ষে বুধবার থেকেই গাইবান্ধা জেলার বিভিন্ন উপজেলা ও আশেপাশের জেলাগুলোর মুসল্লিরা ইজতেমা মাঠে অবস্থান নেয়। আগামী শনিবার সকাল ১১টায় আখেরি মোনাজাতের মাধ্যমে ইজতেমার কার্যক্রম শেষ হবে বলে জানিয়েছেন ইজতেমার আয়োজক কমিটি।
গাইবান্ধা জেলা ইজতেমা পরিচালনা কমিটির সমন্বয়ক হুমায়ুন কবির জানান, জেলাভিত্তিক আঞ্চলিক ইজতেমার অংশ হিসেবে গাইবান্ধায় এ আয়োজন করা হয়েছে। ইজতেমা মাঠে বিশাল সামিয়ানা স্থাপন করে মুসল্লিদের থাকার ব্যবস্থা করা হয়েছে। এছাড়া অস্থায়ী টয়লেট, ওযু ও গোসলের জন্য পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। ইজতেমায় অংশগ্রহণের জন্য গাইবান্ধা জেলা ছাড়াও আশপাশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে মুসল্লিরা ময়দানে এসে সমবেত হয়েছেন। এছাড়া ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বিরাও অংশগ্রহণ করেছেন।
গাইবান্ধার পুলিশ সুপার মোশাররফ হোসেন বলেন, ইজতেমা ময়দানে নিরাপত্তার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সার্বক্ষণিক নিয়োজিত রয়েছে। ইজতেমা উপলক্ষে বিভিন্ন স্থানে পুলিশের টহল জোরদার করা হয়েছে। সব মিলে ইজতেমা ঘিরে যে কোনও ধরনের পরিস্থিতি মোকাবিলায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।